২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসজুড়ে সারাদেশে সমাবেশ করবে বিএনপি

মওদুদ আহমদ বলেছেন, সরকারকে পদত্যাগে বাধ্য করতে পুরো মে মাস জুড়ে সারাদেশে সভা-সমাবেশ ও মিছিল করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমদ বলেছেন, সরকারকে পদত্যাগে বাধ্য করতে পুরো মে মাস জুড়ে সারাদেশে সভা-সমাবেশ ও মিছিল করবে বিএনপি। বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, "সরকারকে পদত্যাগে বাধ্য করতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। পুরো মে মাস জুড়ে চলবে সারাদেশে সভা-সমাবেশ ও মিছিল। আন্দোলনেই এ সরকারের পতন হবে।" সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি চলছে। আগামী ৯ মে ওই কর্মসূচি শেষ হওয়ার কথা। জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মহানগর জিয়া পরিষদের উদ্যোগে 'শহীদ জিয়াউর রহমানের ভূমিকা: প্রতিপক্ষের মিথ্যাচার' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকার সব ক্ষেত্রে ব্যর্থ দাবি করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "ছাত্রলীগ ও যুবলীগ যতদিন আছে, আমাদের চিন্তার কোনো কারণ নেই। তারাই নিজেদের সরকারের পতন ঘটাবে।" শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের কার্যক্রম 'প্রতিহিংসামূলক' বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "জিয়াউর রহমানের আদর্শ ও তার প্রতিষ্ঠিত দল বিএনপিকে নিশ্চিহ্ন করতে গত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থা জারি করা হয়েছিলো। "বর্তমান সরকার তাদের ধারাবাহিকতার ফসল। রাজনৈতিক প্রভাবের কারণে বর্তমান বিচার বিভাগের ওপর জনগণের কোনো আস্থা নেই। আদালতের উচিত রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে জড়িত না হওয়া।" মহানগর জিয়া পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/১৯৫৬ ঘ.