২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বিএনপির স্মারকলিপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 07:03 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে স্মারকলিপি দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকাসহ জেলায় জেলায় এ কর্মসূচি পালিত হয়। স্মারকলিপি দেওয়ার পাশাপাশি রাজধানীর মুক্তাঙ্গনে বিকাল ৩টায় সমাবেশও করবে প্রধান বিরোধী দল। গ্যাস-বিদ্যুৎ সঙ্কট সমাধানসহ জনদুর্ভোগ লাঘবে ৫ দিনের কর্মসূচি শুরু হয় গত ১৮ এপ্রিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় অতিরিক্ত জেলা প্রশাসক আবু হেনা মুর্শেদ জামানের কাছে স্মারকলিপি দেয়। এ সময়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন, সাভার পৌর মেয়র রেফাত উল্লাহ, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশরাফ, জেলা যুবদল আহবায়ক নাজিম উদ্দিন নাজিম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনদুর্ভোগ লাঘবে সরকার সম্পূর্ণ ব্যর্থ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনের অতিষ্ঠ। এসব সমস্যার সমাধানের দাবিতেই এ কর্মসূচি আমরা পালন করছি।" কর্মসূচির অংশ হিসেবে পুঁজিবাজারের কারসাজির জন্য দায়ীদের বিচার দাবিতে ৫ মে এবং মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে ঢাকাসহ সারাদেশে সমাবেশ-মিছিল করবে বিএনপি। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএস/এমআই/১২৫৫ ঘ.