ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- জামায়তে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন পঞ্চমবারের মতো পিছিয়েছে।
সোমবার অভিযোগ গঠনের শুনানির জন্য সাঈদীর আইনজীবীদের সময় চাওয়ার প্রেক্ষিতে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসাইন ২৫ মে শুনানির জন্য আবারো তারিখ রাখেন সোমবার।
এদিন কেন্দ্রীয় কারাগার থেকে সাঈদীকে আদালতে হাজির করা হয়।
তার আইনজীবী মো. আব্দুর রাজ্জাক আদালতে বলেন, গত ৯ ফেব্র"য়ারি সাঈদীর পক্ষে এ মামলার কার্যক্রমের ওপর হাইকোর্ট রুল জারি করেছে। এটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সুতরাং এ মামলায় অভিযোগ গঠন করা হলে আদালত অবমাননা হবে।
পরে বিচারক সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেন।
গত বছরের ৩১ অক্টোবর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক মামলাটির নথি বিচারের জন্য এ আদালতে পাঠান।
গত ১৯ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মাসুমা খাতুন বাদি হয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন।
মামলায় ২০০৫ সালের ১ জুলাই থেকে ২০০৯ সালের ৩০ জুন সময়ের মধ্যে ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকার আয় গোপন করে এর ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা ফাঁকির অভিযোগ আনা হয়।
এ মামলায় সাঈদী হাইকোর্ট থেকে জামিন পেলেও যুদ্ধাপরাধ মামলায় তিনি কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭৪১ ঘ.
bdnews24