ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, এশিয়া থেকে দারিদ্র্য নির্মূলে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে বাংলাদেশ আগ্রহী।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে রোববার সকালে সফররত ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা ও তার প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
এ সময়, দুদেশের জনগণের স্বার্থে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
আনন্দ শর্মার সঙ্গে ছিলেন ভারতের বাণিজ্য সচিব রাহুল খুল্লার ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার রাজীত মিত্র।
বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান, অ্যাম্বাসেডার এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এমএ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৪১ ঘ.
bdnews24