ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী ১৯ মের মধ্যে আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন।
রোববার এক তথ্যবিরবণীতে বলা হয়, পর্যবেক্ষক দল কোনো নির্দিষ্ট ইউনিয়ন বা জেলার যে কোন ইউনিয়নে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। এজন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড ও পূরণ করে নির্বাচন কমিশন সচিবালয় বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে মোট পর্যবেক্ষক ও দলের সংখ্যা লিখতে হবে।
তথ্য বিবরণীতে বলা হয়, স্থানীয় পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষক ফরমের সঙ্গে এসএসসি পাশের সনদের ফটোকপিসহ দুই কপি ছবি জমা দিতে হবে।
বিদেশি পর্যবেক্ষকদেরকেও একইভাবে কমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। কমিশন সচিবালয় বরাবর ডাকযোগে, ই-মেইলে (dpr@ecs.gov.bd) অথবা ৯১২৯৭৭৩ নম্বরে ফ্যাক্স করে আবেদনপত্র পাঠানো যাবে।
এবারের নির্বাচনে বুথভিত্তিক সার্বক্ষণিক পর্যবেক্ষক নিয়োগ করা হবে না। তবে ভ্রাম্যমাণ পর্যবেক্ষকরা কেন্দ্র বা বুথে স্বল্প সময় অবস্থান করে পর্যবেক্ষণ করতে পারবেন।
আগামী ৩১ মে থেকে ৫ জুলাই ৫৭টি জেলার ৪১৪টি উপজেলায় তিন হাজার ৮১৩ ইউনিয়নে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮৪০ ঘ.
bdnews24