২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংখ্যালঘুদের আস্থা ফেরাতে বিচার দরকার'

ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা ফিরিয়ে আনতে ২০০১ সালে নির্যাতনে জড়িতদের বিচার করা উচিত বলে মনে করেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত জেলা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা ফিরিয়ে আনতে ২০০১ সালে নির্যাতনে জড়িতদের বিচার করা উচিত বলে মনে করেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত জেলা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু। ২০০১ সালের নির্বাচনোত্তর সংখ্যালঘু হিন্দু স¤প্রদায় ও বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবেদন চূড়ান্ত করেন তিনি। মুহাম্মদ সাহাবুদ্দিন বর্তমানে দুর্নীতি দমন কমিশনের কমিশনারের দায়িত্ব পালন করছেন। দুদকে দায়িত্ব পাওয়ার পর বিচার বিভাগীয় তদন্ত কমিশন প্রধানের পদ থেকে তিনি পদত্যাগ করেন। ঘটনার প্রায় সাড়ে নয় বছর এবং কমিশন গঠনের প্রায় সোয়া এক বছর পর রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয় বিচার বিভাগীয় তদন্ত কমিশন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুহাম্মদ সাহাবুদ্দিন বলেন, “তদন্ত কমিশন যে প্রতিবেদন সরকারকে দিয়েছে, ওই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” “সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা ফিরিয়ে আনতে হলে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার করা উচিত। কোনোভাবেই যেন তারা মনে না করেন সংখ্যালঘুরা এদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক।” সাহাবুদ্দিন বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এবং এ দেশের মানুষ যে আর্দশের ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলো, তা থেকে বিচ্যুত হওয়ার কারণে বারবার এখানে সংখ্যালঘুদের ওপর হামলা ও পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে।” “এসব নির্যাতন বন্ধ করতে হলে এই মুহূর্তেই মুক্তিযুদ্ধের মূল চেতনার ভিত্তিতে প্রণীত সংবিধানে ফিরে যেতে হবে”, যোগ করেন তিনি। তিনি বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিও দাবি করেন। নির্বাচনের পর ওই নির্যাতনের অন্যতম কারণ হিসেবে কমিশন তত্ত্বাধায়ক সরকারের প্রশাসনিক দুর্বলতার কথা উল্লেখ করেছে। এ প্রসঙ্গে সাহাবুদ্দিন বলেন, “আমরা তদন্তে পেয়েছি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর পরই নির্যাতন শুরু হয়েছিলো। দলীয় আনুগত্যের কারণে ওই সরকার সংখ্যলঘু বা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন প্রতিরোধ বা বন্ধ করতে প্রশাসনিকভাকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।” নির্বাচিত না হওয়ায় এবং জনগণের কাছে জবাবদিহিতা না থাকায় তত্ত্বাবধায়ক সরকার তাদের ইচ্ছে মাফিক কাজ করেছে- এমন মন্তব্য করে তিনি বলেন, “এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করা হয়েছে।” রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিশনের সদস্য সচিব একেএম মনোয়ার হোসেন আখন্দ। মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’- এর একটি আবেদনে আদালতের নির্দেশে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর অবসরপ্রাপ্ত জেলা জজ মুহাম্মদ সাহাবুদ্দিনকে প্রধান করে তিন সদস্যের ওই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। পরের বছর ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে রাজধানীর সার্কিট হাউস রোডের কার্যালয়ে কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। আদালতে আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি ছিল একটি দুরূহ কাজ। কমিশন বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কষ্ট স্বীকার করে কাজটি সম্পন্ন করেছে। আইনের শাসন প্রতিষ্ঠায় এটি একটি মাইল ফলক হয়ে থাকবে।” প্রতিবেদনে সুপারিশ করা বিষয়য়ে সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আদালতে যাবেন বলেন কথাও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমআই/১৮৩৩ ঘ.