২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐকমত্যে সংবিধান সংশোধন করুন: ড. কামাল

কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করার আহ্বান জানিয়েছেন প্রবীণ আইনজীবি ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করার আহ্বান জানিয়েছেন প্রবীণ আইনজীবি ড. কামাল হোসেন। একই সঙ্গে সংবিধান সংশোধনে একটি সংবিধান কমিশন গঠন করার প্রস্তাব আবারো উত্থাপন করেছেন তিনি। রোববার সংসদ ভবনে আইনজ্ঞদের সঙ্গে বিশেষ কমিটির বৈঠকে এ কথা বলেন দেশের সংবিধান প্রণয়ণ কমিটির সভাপতি কামাল। সংসদ ভবনে কেবিনেট কক্ষে সকাল ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠক থেকে বেরিয়ে ২টার দিকে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "বাহাত্তরের মূল চেতনা নিয়ে সংবিধান সংশোধন করেেত হবে। আদালতের রায়ে ও আন্দোলনের মাধ্যমে তা অনেকটা আমরা ফিরে পেয়েছি। এখন যতটুকু দরকার ততটুকু সংবিধান সংশোধনে হাত দেওয়া উচিত।" এ নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। "তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস তুলে ধরে বৈঠকে বলেছি, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে এর কোনো বিকল্প নেই।" রাষ্ট্র ধর্ম ইসলাম রাখার পক্ষে মত দিয়েছেন কি না জানতে চাইলে কামাল হোসেন বলেন, "এ নিয়ে আমি কোনো বিতর্ক তৈরি করতে চাই না।" বিশেষ কমিটির বৈঠকে এ আইনজীবি লিখিত বক্তব্যও তুলে ধরেন। এতে বলা হয়, জতীয় ঐ্যমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারলে সেটি হবে সর্বোত্তম কাজ। এক্ষেত্রে জনগণের মতামত নেওয়ার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয় নির্ধারণ করে দিতে পারেন। একটি সংবিধান কমিশন গঠন করার প্রস্তাব দিতে পারেন। ইতোমধ্যে কমিশন গঠন করার প্রস্তাবের কঠোর সমালোচনা করেন বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি জানান, কমিশন গঠন করার কোনো সাংবিধানিক সুযোগ নেই। তত্ত্বাবধায়কের নতুন প্রস্তাব জহিরের আরেক জ্যেষ্ঠ আইনজীবি ড. এম জহির তত্ত্বাবধায়ক সরকারের একটি নতুন প্রস্তাব দেন বৈঠকে। তিনি সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রপতির অধীনে সরকারি দল বা জোটের পাঁচ সদস্য ও বিরোধী দল ও জোটের পাঁচ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ থাকবে ওই তত্ত্বাবধায়ক সরকারে। এতে প্রধান উপদেষ্টার কোনো পদ থাকবে না, তবে রাষ্ট্রপতি হবেন প্রধান নির্বাহী।" নির্বাচন কমিশনের পরামর্শে রাষ্ট্রপতি সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব রাখেন এ আইনজীবি। এ সরকারের মেয়াদ হবে এক মাস থেকে ছয় সপ্তাহ। বিচারপতিদের সংসদে জবাবদিহিতা ও অভিশংসনের বিষয়ে এম জহির জানান, এক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর ও সক্রিয় করলে ভালো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৭৫৬ ঘ.