চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্রজন্মকে সংস্কারমুক্ত করে প্রগতির পথে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম।
শুক্রবার বিকালে বন্দরনগরীর মুসলিম হলে মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনী, চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভোট নেওয়ার আশায় শুধু একদিনের জন্য গণতন্ত্রের কথা বললে তা কখনো ফলপ্রসূ হয় না বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের এই কমান্ডার।
দেশ যখন সামনের দিকে এগিয়ে যেতে চায় তখন একটি স্বার্থান্বেষী মহল এটি পেছনের দিকে টেনে রাখতে চায় বলে তিনি মন্তব্য করেন।
মুক্তিযোদ্ধারা অনেকেরই বয়স হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে তৈরি করতে হবে। তাদের সংস্কারমুক্ত করে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব আমাদেরই পালন করতে হবে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, কাজের মাধ্যমেই জাতি মুক্তিযোদ্ধাদের মনে রাখবে।
চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ শ্রমিকনেতা আহসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোশারফ হোসেন, গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শহিদুল্লাহ চৌধুরী, বখতেয়ার নুর সিদ্দিকী, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, চট্টগ্রামের ন্যাপ সভাপতি আবদুল মোমেন ভূঁইয়া প্রমুখ।
এর আগে সকাল ১০টায় মুসলিম হল চত্বরে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ জায়া বেগম মুশতারী শফী।
উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং তরুণ প্রজন্মের সমন্বয়ে একটি সুসজ্জিত শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন সাবেক চাকসু ভিপি শামসুজ্জামান হীরা, আবদুল হাকিম, সাবেক ছাত্রনেতা মো. আব্দুল্লাহ প্রমুখ।
এছাড়া মিলনমেলা অনুষ্ঠানে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সদস্যদের ছবি এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।
সারাদিনের অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের দেড়শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২১২৮ ঘ.
bdnews24