২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন বিরোধীনেতা ও বিশিষ্ট জনের তালিকা হবে মঙ্গলবার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনায় সময়সূচি ও বিশিষ্ট জনের তালিকা নির্ধারণে মঙ্গলবার বৈঠকে বসছে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনায় সময়সূচি ও বিশিষ্ট জনের তালিকা নির্ধারণে মঙ্গলবার বৈঠকে বসছে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি। সোমবার রাতে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। কমিটির ১৬টি বৈঠকের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ১১-১৩ এপ্রিল টানা তিনদিন বৈঠকের পর কাল বসছেন তারা। বিশেষ কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ইতোমধ্যে জানান, আলোচনার জন্য তিনদিন (২৪ থেকে ২৬ এপ্রিল) সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিরোধীদলীয় নেতা যেভাবে কমিটির বৈঠকে অংশ নিতে চান, সেভাবেই আসতে পারবেন। কমিটি আন্তরিকভাবে চাইছে খালেদা জিয়া যেন বৈঠকে অংশ নেন অথবা তার প্রতিনিধি পাঠান। বিরোধীদলীয় নেতাকে কবে নাগাদ আমন্ত্রণে ডাকবেন? জানতে চাইলে কো-চেয়ারম্যান বলেন, "বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠকের পর বিরোধীদলীয় নেতাসহ আইনজ্ঞ ও বিশিষ্ট জনের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার এ বিষয়ে বিশেষ কমিটির সদস্য রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা ছাড়াও সংবিধান প্রণয়নে জড়িত বিশিষ্ট ব্যক্তি এবং দেশের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতাদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিশেষ কমিটির সিদ্ধান্তের পরই সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গত বছরের ২১ জুলাই সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০৯ ঘ.