২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগবিধির কথা আবার বললো নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার বাছাই, নিয়োগ পদ্ধতি ও তাদের সংখ্যা নির্ধারণে বিধি প্রণয়ণে আবার সরকারের কাছে জন্য সুপারিশ করবে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার বাছাই, নিয়োগ পদ্ধতি ও তাদের সংখ্যা নির্ধারণে বিধি প্রণয়ণে আবার সরকারের কাছে জন্য সুপারিশ করবে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। ইসি'র ২০১১-১২ বছরের কর্মপরিকল্পনায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার দ্বি-বার্ষিক কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শাসুল হুদা জানান, ইসিসহ দেশের চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্য নিয়োগে সংবিধান অনুযায়ী একটি আইন করার কথা থাকলেও গত ৪০ বছরে তা কোনো সরকার করেনি। "খুব শিগগির এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারকে এ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হবে।" সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যাকে খুশি, যত জনের ইচ্ছে নির্বাচন কমিশনার নিয়োগ দিতে পারেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনারদের কোনো যোগ্যতাও নির্ধারণ করা নেই। অতীতে সিইসিসহ সর্বোচ্চ সাত সদস্যের নির্বাচন কমিশন নিয়োগের নজির রয়েছে। বর্তমানে তিন সদস্যের কমিশন রয়েছে। ২০১২ সালের ফেব্র"য়ারি মাসে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের ইসির মেয়াদ শেষ হচ্ছে। গত তত্ত্বাধায়ক সরকারের আমলে এ বাছাই ও নিয়োগ পদ্ধতি নিয়ে অধ্যাদেশ প্রণয়ণের জন্য প্রস্তাব করা হলেও তা বাস্তবায়িত হয়নি। ২০১১-১২ বছরের কর্মপরিকল্পনায় কমিশনারদের নিয়োগ পদ্ধতি ও শর্তাবলীর (টার্মস এ্যান্ড কন্ডিশনস) সমন্বয়ে একটি আইন পাশ করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে উল্লেখ রয়েছে। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক অনুষ্ঠানে এ কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্টজনরা ইসির এ প্রস্তাবকে সমর্থন করেন। সিইসি বলেন, যোগ্য ব্যক্তি নির্বাচন কমিশনার হলে জনগণের মধ্যেও আস্থা বাড়বে। সিইসি ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের শর্ত, যোগ্যতা-অযোগ্যতা সংবিধানে উল্লেখ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন সাবেক সিইসি আবু হেনা। এক্ষেত্রে ইসি সদস্যের সংখ্যা নির্ধারিত করার প্রস্তাব রাখেন তিনি। তত্ত্বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি, নীতিমালা নিয়ে আরো আলোচনা হওয়া প্রয়োজন। তবে যে পদ্ধতিতেই হোক তা স্বচ্ছ হতে হবে। ২০১২ সালের নির্বাচন কমিশনার নিয়োগের আগে সুনির্দিষ্ট নীতিমালা করার আহ্বান জানান তিনি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ নির্বাচন কমিশনারদের যোগ্যতা নির্ধারণের আলাদা বিধান থাকা উচিত বলে মত দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৪৯ ঘ.