ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মুদ্রাপাচার মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়া সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপির সংসদ সদস্যরা।
সোমবার সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের সামনে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে এ কর্মসূচিতে বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাও ছিলেন।
গত ১১ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুদ্রা পাচার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন।
খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর বিরুদ্ধে এ ধরনের মামলা রয়েছে। ওই সময় প্রধানমন্ত্রী সব মামলা দ্রুত শেষ দেখতে চাওয়ার কথা বলেছিলেন বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
ফারুক সাংবাদিকদের বলেন, "সরকার ও প্রধানমন্ত্রী বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে। তারেক রহমান ও কোকোর বিরুদ্ধে মিথ্যা মামলার নিষ্পত্তির নির্দেশ মন্ত্রিসভা কিংবা প্রধানমন্ত্রী দিতে পারেন না।"
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক দেশে জনপ্রিয় দাবি করে ফারুক বলেন, তার জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার এ কার্যক্রম চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১০ ঘ.
bdnews24