ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি আমিনী নিজের ছেলেকে লুকিয়ে রেখে 'নাটক' সাজিয়ে সরকারের ওপর দোষ চাপাচ্ছেন।
রোববার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ কথা বলেন।
আমিনীর ছেলে আবুল হাসনাত গত ১০ এপ্রিল থেকে নিখোঁজ। ধোলাইখাল এলাকার টিপু সুলতান রোড থেকে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ে লোক। আমিনীর দাবি, অপহরণকারীরা সরকারি কোনো গোয়েন্দা সংস্থার সদস্য। একই কথা বলছে বিএনপিও।
নারী উন্নয়ন নীতি নিয়ে আমিনীর বিরোধিতার জবাবে হাছান মাহমুদ বলেন, "যুদ্ধাপরাধের বিচার যাতে না হয় তার জন্য আমিনী কোনো একটি পক্ষের হয়ে কাজ করছে। ইবলিশের দায়িত্ব পালন করছেন আমিনী।"
নারী নীতি নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলন আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, নারী নীতিতে ইসলাম বিরোধী কিছু নেই।
আমিনীর মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয় না- এ বিষয়টি তুলে ধরে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "এটি দেশদ্রোহিতার শামিল। এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা বাহাদুর শাহ, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি আব্দুল হালিম সিরাজী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24