ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার প্রসঙ্গে খোন্দকার ইব্রাহিম খালেদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি বলেছে, গণতান্ত্রিকভাবেই দোষীদের বিচার করতে হবে।
খালেদ কার স্বার্থে মার্শাল ল'র কথা বলছেন- সে প্রশ্নও তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে মুক্তাঙ্গনে যুবদলের এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, "ইব্রাহিম খালেদরা কার স্বার্থ চরিতার্থ করতে মার্শাল ল' তে বিচারের কথা বলছেন, জানি না। আমরা বিশ্বাস করি, ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনকারীদের বিচার সামরিক শাসনে নয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় করা সম্ভব। আমরা সেই দোষীদের বিচারের জোর দাবি জানাচ্ছি।"
শেয়ার বাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান ইব্রাহিম খালেদ বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল বাংলাভিশনকে বলেন, "যদি মনে করেন যে, ধরে ধরে শাস্তি দিলে হবে- ধরে শাস্তি দেওয়া তো এতো সোজা না। আদালত আছে। আদালত তো সব সময় আসামির পক্ষে। কোর্ট কখনো নালিশকারীর পক্ষে থাকে না। '৯৬ সালে তো মামলা হয়েছিলো। একটারও তো জাজমেন্ট হয়নি।"
কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ আরো বলেন, এ ধরনের অপরাধের বিচার সেনা শাসনের সময়ই দ্রুত সম্ভব হয়।
"এটা মার্শাল ল' তে হয়। ধরে এনে, বিচার করে শাস্তি দেওয়া যায়। এটা তো ডেমোক্রেসিতে হয় না।"
গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে পুঁজিবাজার হঠাৎ ফুল ফেঁপে ওঠার পর ব্যাপক পতনের কারণ অনুসন্ধানে গঠিত চার সদস্যের কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন দেয়। তিন শতাধিক পৃষ্ঠার ওই প্রতিবেদন তৈরি হয়েছে মূলত শেয়ার বাজার সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের ভিত্তিতে।
সরকারের ভেতর ও বাইরে থেকে তদন্ত প্রতিবেদনটি অনুষ্ঠানিকভাবে প্রকাশ করার দাবি উঠলেও সরকার এখনো তা করেনি। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওই প্রতিবেদনের একটি অনুলিপি হাতে পেয়েছে এবং তা ওয়েবসাইটে 'প্রকাশ' করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, "শেয়ার বাজারের অর্থ লুণ্ঠনকারীদের অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা প্রথম থেকেই সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করে আসছিলাম। ইব্রাহিম খালেদ সাহেব একটি তদন্ত প্রতিবেদন দিয়েছেন। তাতে তিনি বলেছেন, দোষী ব্যক্তিরা এতো বেশি প্রভাবশালী, তাদের কথা বলা যাবে না।"
জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমুর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "আমরা এবং এদেশের জনগণ জানে না, আমু সাহেব মুক্তিযুদ্ধে কোন ফ্রন্টে যুদ্ধ করেছেন। কিন্তু এদেশের মানুষ জানে জিয়াউর কেবল মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি। রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আজ আমু সাহেবরা বলছেন- জিয়া যুদ্ধ করেননি।"
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় আমির হোসেন আমু বলেন, জিয়া সম্মুখ যুদ্ধে অংশ নেননি।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "তারা জনগণের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি। দ্রব্যমূল্য কমেনি, বেড়েছে। আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। হত্যা-গুম চলছে। বিচার বিভাগের দলীয়করণের কারণে মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ রূদ্ধ করা হয়েছে। এখন এসব সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে দিতেই তারা তারেক রহমান ও কোকোর বিরুদ্ধে মিথ্যা মামলার বিচার শুরু করতে চায়।"
জেলা যুব দলের আহবায়ক নাজিম উদ্দিন নাজিমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিবর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।
তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলাসহ কেরানীগঞ্জে দলীয় সম্মেলনে 'হামলা' ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশের শেষ পর্যায়ের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের সময়ে কেরানীগঞ্জ যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের একাংশের মধ্যে হাতাহাতি হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০১১ ঘ.
bdnews24