২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে শনিবার সিরাজগঞ্জের বেশিরভাগ প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ছুটি ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে শনিবার সিরাজগঞ্জের বেশিরভাগ প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ছুটি ছিল। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে এ ছুটি ঘোষণা করা হয় বলে জেলা শিক্ষা অফিস জানিয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ সফরে আসেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আলোচনার মাধ্যমে এ ছুটি ঘোষণার বিষয়টি স্থির করা হয়। এ ব্যাপারে উল্লাপাড়ার সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এ ছুটি দেওয়া হয়েছে। "এটি ঐচ্ছিক ছুটি।" জেলা শিক্ষা কর্মকর্তা মুহাব্বত হোসেন সরকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বছরে তিনদিন ঐচ্ছিক ছুটি ঘোষণা করতে পারেন। সেখান থেকে একদিন নেওয়া হয়েছে। "এটি সরকারি সিদ্ধান্তে করা হয়নি।" শনিবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানায়। সদর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, প্রতিটি স্কুলের সামনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে- এমন মৌখিক নির্দেশ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হয়। শহরের মীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস জানান, শিক্ষা অফিসের নির্দেশে সব শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে যাই। এদিকে প্রধানমন্ত্রীর সমাবেশে গিয়ে দেখা যায় বিভিন্ন উপজেলা থেকে বাসে করে ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সঙ্গে সেখানে এসেছে। সমাবেশে কথা হয় শহরের সবুজ কানন হাই স্কুলের ছাত্র ইয়াসিনের সঙ্গে। সে জানায়, ২টার দিকে শিক্ষকরা আমাদের নিয়ে সমাবেশে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২১০৩ ঘ.