বগুড়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্র থেকে মনোনীত করা হয়েছে। তাদেরকে অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তিনজনকে মনোনয়নের কথা জানানো হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে সভাপতি, অপর যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন চাঁনকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক মীর শাহে আলমকে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, চেয়ারপার্সনের পরামর্শক্রমে ওই তিনজনকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে অনুমোদন দেয়া হলো।
তাদেরকে অবিলম্বে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, ২০০৯ সালের সেপ্টেম্বরে বিএনপির বগুড়া জেলা কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর নানা জটিলতায় তা গঠন করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার জেলা কমিটির গুরুত্বপূর্ণ তিন পদে তিনজনকে অনুমোদন দিলো কেন্দ্রীয় কমিটি।
বগুড়ার বিএনপি নেতা ও পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে কেন্দ্র থেকে তাকে কোন নির্দেশনা দেওয়া হয়নি। জেলা বিএনপির নতুন কমিটি গঠন বিষয়ে তিনি কিছৃু জানেন না।
বর্তমান সাংগঠনিক সম্পাদক ও আগের কমিটির যুগ্ম আহ্বায়ক মীর শাহে আলম জানান, ভারপ্রাপ্ত মহাসচিবের স্বাক্ষরিত চিঠি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত তিনজনের কাছে পাঠানো হয়। সেই চিঠি পাওয়ার পর তা সাংবাদিকদের জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
নতুন সভাপতি পদে মনোনীত সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৪ ঘ.
bdnews24