ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
এতে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সোয়া ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।
স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য যুক্তরাজ্য রয়েছেন। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত ১৬ মার্চ মারা যাওয়ায় বর্তমানে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৮।
বিএনপি স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয় গত বছরের ১ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এইচএ/২০২২ ঘ.
bdnews24