ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল নেতা হাবিব রশিদ হাবিবের ওপর হামলার জন্য সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায়ী করে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার বিকালে মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ এপ্রিল ঢাকাসহ জেলায় জেলায় বিক্ষোভ ও ১২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা।
টুকু বলেন, "১২ এপ্রিলের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে হরতালের কর্মসূচি দিতে বাধ্য হব।''
মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগরের কাছে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবের ওপর একদল সন্ত্রাসী গুলি চালায়। অস্ত্রোপচারের পর তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মুক্তাঙ্গনে বিকালে ছাত্রদলের উদ্যোগে হাবিবের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।
পরে একটি মিছিল মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে শাহজাহানপুর মোড়ে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।
হাবিব রশিদ হাবিবের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বিএনপি ও ছাত্রদল নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ছাত্রলীগের 'সন্ত্রাসী' গোলাম শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে ৪/৫ জন হাবিবকে হত্যার চেষ্টায় গুলি চালায়। তার দেহ থেকে চিকিৎসকরা ৫টি বুলেট অস্ত্রোপচারের মাধ্যমে উদ্ধার করেছে। এই হামলা কেবল ছাত্রদলের ওপরই নয়, বিএনপির ওপরও হামলা।
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এভাবে একের পর এক সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন করে যাবে, আর বিএনপি আঙ্গুল চুষবে- এমন ভাবাটা ঠিক নয়। এখন থেকে সরকারের সব নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মীদের দুর্বার গণআন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান। তিনি বলেন, সরকার আর নির্যাতন চালিয়ে বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। খালেদা জিয়ার নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24