২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রান্তিকাল চলছে: ফখরুল

দেশ অর্থনৈতিক ও সংবিধান সঙ্কটে আছে দাবি করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, এখন ক্রান্তিকাল চলছে। আর তা ঠেকাতে পেশাজীবীদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ অর্থনৈতিক ও সংবিধান সঙ্কটে আছে দাবি করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, এখন ক্রান্তিকাল চলছে। আর তা ঠেকাতে পেশাজীবীদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব ফখরুল শনিবার এক আলোচনা সভায় বলেন, "সরকার বিচার বিভাগকে ব্যবহার করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। সৃষ্টি করা হয়েছে সাংবিধানিক সঙ্কট। দেশকে অস্থিতিশীল করার এরকম নানা ষড়যন্ত্র চলছে।" অর্থনৈতিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, "অর্থনীতি সঙ্কটজনক। ব্যাংকগুলোতে তারল্য সঙ্কট প্রকট। রেমিটেন্স ক্রমশ হ্রাস পাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।" "এ থেকে উত্তরণে সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা (সরকার) বিরোধী দলকে দমন-নির্যাতনে ব্যস্ত", বলেন ফখরুল। জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ওই আলোচনা সভায় ফখরুল পেশাজীবীদের সরকারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 'জাতীয় স্বার্থে শহীদ জিয়াউর রহমান' শীর্ষক এই আলোচনা সভায় বিএনপি নেতা বলেন, সরকার জিয়াউর রহমানের বিরুদ্ধে 'অপপ্রচার' করছে। "ইতিহাস বিকৃতি করে তারা জিয়াকে খলনায়ক বানাতে চায়। জিয়ার অবদানকে মুছে ফেলতে চায়", বলেন তিনি। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এমএ মাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, পরিষদের মহাসচিব এজেডএম জাহিদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাব সভাপতি আ ন হ আখতার হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের প্রধান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা, সাংবাদিক এরশাদ মজুদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৪ ঘ.