২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বাধীনতার ঘোষক থেকে জিয়াকে বাদ দেওয়া যাবে না'

সংবিধান সংশোধন করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে বাদ দেওয়া যাবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে বাদ দেওয়া যাবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের জবাবে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ''আইন বা সংবিধানে যুক্ত করে স্বাধীনতার ঘোষক নির্ধারণ করা সম্ভব নয়। জিয়া স্বাধীনতার ঘোষক। তার নাম এভাবে মুছে ফেলা যাবে না। জনগণের মনে আছে, থাকবে। সরকার এটা করলে বিএনপি ক্ষমতায় গেলে তা বাতিল করবে।'' সংবিধান সংশোধনে সংসদীয় বিেেশষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সোমবার বলেন, প্রজাতন্ত্র অধ্যায়ে বঙ্গবন্ধুকে জাতির পিতার স্বীকৃতি দিয়ে সংবিধান সংশোধন করা হবে। ফলে কেউ চাইলেও তা পরিবর্তন করা যাবে না। তিনি সংবিধান সংশোধনের বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা বাইরে না বলে এ সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির সভায় এসে উপস্থাপনের জন্য বিএনপির প্রতি আহ্বানও জানিয়েছেন। এর আগের দিন রোববার এক সভায় মওদুদ আহমদ বলেছিলেন, সংবিধানে বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকৃতি দেওয়া হলে বিএনপি ক্ষমতায় গেলে তা বাতিল করবে। সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে ট্রাস্ট টেলিমিডিয়া লিমিটেড 'সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ ও ভিনদেশীয় অপসংস্কৃতি প্রতিরোধ' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। যুদ্ধাপরাধীদের জিয়া মাফ করে দিয়েছেন, তাদেরেকে পুনর্বাসিত করেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য খণ্ডন করে সাবেক আইনমন্ত্রী মওদুদ দাবি করেন, জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। বর্তমান প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সৈন্যকে ক্ষমা করে দিয়েছেন। তাদের জন্য সেসময়ে যুদ্ধাপরাধী আইনও করা হয়েছিলো। একইভাবে সেই সময় যেসব বেসামরিক ব্যক্তি অভিযুক্ত ছিলো- তাদেরও দালাল আইনে তিনি (বঙ্গবন্ধু) ক্ষমা করে দিয়ে গেছেন। স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক সৃষ্টির সমালোচনা করে তিনি বলেন, "জিয়াই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে তাকে নিচে নামানোর চেষ্টা করছে। বঙ্গবন্ধুকে বিতর্কিত করছে। আমি বলতে চাই- বঙ্গবন্ধুর স্থান অনেক উঁচুতে। তাকে কেন নিচে নামানোর চেষ্টা হচ্ছে?'' ক্ষমতাসীন দলের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ স্ববিরোধী রাজনীতি করে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিয়ে আন্দোলন করেছিল। সেই সময়ে মতিউর রহমান নিজামীসহ শেখ হাসিনা তার শরিকদের নিয়ে একই টেবিলে বসে বৈঠক করেছেন, প্রেস ব্রিফিং করেছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের ৭৪ নং ওয়ার্ড কমিশনার কাজী আবুল বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৪ ঘ.