২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএসর চাল: ছিনতাইয়ের পর আ. লীগ নেতার বাড়িতে

ছিনতাই হওয়া তিনশ' বস্তা চাল উদ্ধার করা হলো নাটোর সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

নাটোর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই হওয়া তিনশ' বস্তা চাল উদ্ধার করা হলো নাটোর সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে। শনিবার সকালে উপজেলার করোটা গ্রাম থেকে এসব চাল উদ্ধার করা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের খাদ্য গুদাম থেকে একটি ট্রাক তিনশ' বস্তা চাল নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলা খাদ্য গুদামে যাওয়ার পথে গাজীপুরের চন্দ্রা মোড় থেকে ছিনতাই হয়। নাটোর সদর থানা পুলিশ জানায়, ছিনতাইকারীরা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে চালক ও সহকারীর মুখে টেপ লাগিয়ে হাত-পা বেঁধে রাখে। সকালের দিকে ছিনতাইকারীরা ট্রাকটি করোটা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং ওএমএস ডিলার ফরিদ হোসেনের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ৮ বস্তা চাল নামানোর পরই ট্রাকের চালক সুশান্ত কুমার কৌশলে মুখের টেপ খুলে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়। পরে তারা পুলিশকে খবর দেওয়ার সময় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, পালানোর সময় করোটা রাস্তা থেকে ২৯২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়। পুলিশ ওই সময় ফরিদ হোসেনের ছেলে শাকিল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। বাড়ির অন্য সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে ট্রাকের চালক সুশান্ত কুমার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন বলে জানান এসআই। নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতায়ের সঙ্গে কারা কারা জড়িত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের সঙ্গে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪০ ঘ.