ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসাংবিধানিকভাবে কেউ যেন আর রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে সে লক্ষ্যে সংবিধান সংশোধনে বিরোধী দলের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বৃহস্পতিবার সংসদে বলেন, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি করা হয়েছে, সেখানে আপনারাও আছেন। আসুন, আপনারা আসুন, আমরা সবাই মিলে কাজ করি। যেন কেউ আর অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করতে না পারে।
"জনগণের অধিকার রক্ষা করেই সংবিধান সংশোধন হবে।"
সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন ও অষ্টম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
রাত সাড়ে ৯টার দিকে অধিবেশন সমাপ্ত হয়।
সংসদে যোগ দেওয়ার জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
"সংবিধান সংশোধনের জন্য একটি অধিবেশন ডাকতে হবে। সে অধিবেশনে উপস্থিত থেকে সংবিধান সংশোধনে ভূমিকা রাখবেন।"
শেখ হাসিনা বলেন, যে দলের জন্মই হচ্ছে অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলকারীর পকেট থেকে। তাদের কাছে সংবিধান তো পছন্দ হবে না।
"আদালত রায় দিয়েছে। আমরা কমিটি করেছি- জনগণের অধিকার সংরক্ষণ করে সংবিধান সংশোধন করা হবে। কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন আওয়ামী লীগ করবে না।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির ভাষণের ওপর তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সবার প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমান ২১ অগাস্ট গ্রেনেড হামলায় শাহাদাৎ বরণ করেন। এই ঘটনার জন্য তৎকালীন সরকারের অনেকের নাম আসছে। চারদলীয় জোট সরকারের সময় তদন্তের নামে জজ মিয়ার নাটক সাজানো হয়। ধন্যবাদ না জানালে জাতি ধরে নেবে- বিরোধীদল হত্যাকারীদের সমর্থন করছে।
সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তার ভাষণে তুলে ধরেন সরকার প্রধান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২২৪ ঘ.
bdnews24