ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমঝোতা ছাড়া সংবিধান সংশোধন করা হলে তা প্রত্যাখ্যান করবে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার রাতে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সমাপনীতে বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ দলের এই অবস্থান তুলে ধরেন।
দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন,'' বিরোধী দলের সঙ্গে সমঝোতা ছাড়া সংবিধানে সংশোধনী আনা হলে তা আমরা প্রত্যাখ্যান করবো। খসড়া সংবিধান মন্ত্রিসভা ও সংসদে অনুমোদন হয়নি। দেশে কোনো সংবিধান নেই। তাই সংবিধান সংশোধনের নামে যা ইচ্ছা করা হলে তা মেনে নেওয়া হবে না।''
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার অনুপস্থিতিতে অধিবেশনে মওদুদ বক্তব্য রাখেন। খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে সৌদি আরব রয়েছেন।
গত ২৫ জানুয়ারি সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাষণ দেন। ওই ভাষনের ওপর সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন।
টানা ৭৪ কার্যদিবস অনুপস্থিতির পর গত ১৬ মার্চ প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ফিরে এসে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেয়।
সাবেক আইনমন্ত্রী মওদুদ অভিযোগ করেন, সরকার সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে যা ইচ্ছা তাই করছে। সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্ট ৮টি অনুচ্ছেদে সংশোধনীর আদেশ দিয়েছে। অথচ সরকার ৩১টি অনুচ্ছেদে সংশোধনী এনেছে।
ভারতের সঙ্গে ঋণচুক্তি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এভাবে চড়া সুদে ঋণ চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব থাকে না। এটা বাতিল করুন। নইলে বিএনপি ক্ষমতায় গেলে ওই চুক্তি বাতিল করবে।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে মওদুদ বলেন, "লেখা হয়েছে- দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। লিখেছেন কে ? প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব। আপনার বোনকেও বাদ দেয়নি। তার বিরুদ্ধেও চাঁদাবাজির মামলা হয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী এই কথা কি আপনি ভুলে গেছেন ? আমরা ভুলিনি।"
সেইসঙ্গে তিনি মইন-ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মাসুদ উদ্দিন, ব্রিগেডিয়ার বারি ও আমিনের বিচার দাবি করেন।
"এজন্য একটি সর্বদলীয় তদন্ত কমিটি করুন। দরকার হলে আমরা সহায়তা করবো। না করলে বুঝবো- তাদের সহায়তায় আপনি ক্ষমতায় এসেছেন", যোগ করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য।
সরকারের উদ্দেশে মওদুদ বলেন, ঠিক আছে আমরা (বিরোধী দল) অনেক ভুল করতে পারি। আপনারা কেন ভুল করবেন? আপনারা আমাদের আরো উন্নতির দিকে নিয়ে যান।
তিনি আরো বলেন, "আমার মামলা, আমার নেত্রীর মামলাসহ সব মামলা প্রত্যাহার করে নেন। রাতারাতি দেশের রাজনীতির অবস্থা বদলে যাবে।"
যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও প্রশ্ন তুলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
তিনি দাবি করেন, ধূম্রজাল সৃষ্টি করতে সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা (সরকার) এই ধূম্রজাল সৃষ্টি করেছে। তারা (সরকার) প্রস্তুত নয় বলেই বিচারকে বিলম্বিত করছে।
"কতো দিন গ্রেপ্তারকৃতদের আটক রাখবেন?", জানতে চান মওদুদ।
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায়ের সমালোচনা করে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার বলেন, সংসদেরই সংবিধান সংশোধনের অধিকার আছে। এই অধিকার আর কারো নেই। সংসদের অধিকার সুপ্রিম কোর্ট নিতে পারে না।
দলের সহকর্মী কারাবন্দি সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীকে প্যারেলে মুক্তি দিয়ে সংসদে যোগদানের ব্যবস্থা নিতে স্পিকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর বিএনপির মজিবর রহমান সারওয়ার, নাজিমউদ্দিন আহমেদ, জামায়াতের হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এইচএ/২১৪০ ঘ.
bdnews24