২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার দরকার'

বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োজন বলে মত দিয়েছেন প্রবীণ আইনজীবী টি এইচ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োজন বলে মত দিয়েছেন প্রবীণ আইনজীবী টি এইচ খান। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে আপিল আবেদনের শুনানিতে বৃহস্পতিবার আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) খান এ কথা বলেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়। আদালত-বন্ধু হিসাবে একই বিষয়ে ড. কামাল হোসেনও এর আগে অভিমত দিয়েছেন। তিনিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দেন। টি এইচ খান বলেন, কোন দেশে কোন বিধান আছে সেটা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে হবে। "গণতন্ত্রের বাহন, শক্তি বা জ্বালানি হলো নির্বাচন। আর একটি অবাধ, সুষ্ঠু, স্বাধীন ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।" তিনি বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে এ কথা এ দেশের মানুষ এখনো বিশ্বাস করে না। তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করে ১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী আনা হয়। বিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস বা ৯০ দিন। ১৯৯৬ সালের ফেব্র"য়ারির নির্বাচনের কথা আমাদের এখনো মনে আছে- এ কথা উল্লেখ করে টি এইচ খান বলেন, সে পরিস্থিতি এখনো হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ধৈর্য বিবেচনায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রয়োজন। শুনানিতে সামরিক শাসনকে গণতন্ত্রের জন্য সুনামি বলে অভিহিত করেন এ আদালত-বন্ধু। গত ১ মার্চ থেকে ত্রয়োদশ সংশোধনীর ওপর শুনানি চলছে। ব্যাপক আন্দোলনের মুখে সামরিক শাসক এইচ এম এরশাদের পতনের পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হন। তবে ওই তত্ত্ববধায়ক সরকার সাংবিধানিকভাবে স্বীকৃত ছিলো না। ১৯৯১ সালের ৬ অগাস্ট জাতীয় সংসদে গৃহীত সংবিধানের একাদশ সংশোধনীর মাধ্যমে সাহাবুদ্দীন স্বপদে ফিরে যান। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়। ২৭ মার্চ এটি সংসদে পাস হয় এবং ২৮ মার্চ রাষ্ট্রপতি অনুমোদন দেন। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর বাইরে আরো একটি তত্ত্বাবধায়ক সরকার ছিলো। ২০০৬ সালের ২৯ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ নিজ দায়িত্বে অতিরিক্ত হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে কার্যত বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি। এরপর ড. ফখরুদ্দিন আহমদ ওই পদে শপথ নেন। এ পদ্ধতির সরকারের মেয়াদ সাংবিধানিকভাবে ৯০ দিন হলেও তিনি ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত ওই পদে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৮০৬ ঘ.