২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠুভাবে হজ পালনের জন্য হজযাত্রীদের সুযোগ-সুবিধা আরো বাড়াতে তার সরকার বদ্ধপরিকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠুভাবে হজ পালনের জন্য হজযাত্রীদের সুযোগ-সুবিধা আরো বাড়াতে তার সরকার বদ্ধপরিকর। বুধবার বাংলাদেশ হজ এজেন্ট সমিতি (হাব)'র নতুন সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ এম এ রশিদ শাহ সম্রাটের নেতৃত্বে হাব-এর নবনির্বাচিত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী এ সময় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হজ ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার সেইসব অনিয়ম দূর করে একটি শক্তিশালী হজ ব্যবস্থাপনা গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী জানান, এর ফলে হজযাত্রীর সংখ্যা বেড়ে আগের বছরের ৫৪ হাজার থেকে প্রায় এক লাখে উন্নীত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তায় সফলভাবে পরিস্থিতি সামাল দিয়েছে সরকার। তিনি বাংলাদেশ থেকে এই বিপুল সংখ্যক হজযাত্রীকে অনুমতি দেওয়া এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য সৌদি সরকার ও বাদশাহকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে হাবের নেতারা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানান। তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং হাবের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেএফ/এইচএ/২১১৬ ঘ.