ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এছাড়া বিএনপি নেতা এম এ আলীমকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির একটি আবেদন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বুধবার প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "তাদের (নিজামি ও সাকা চৌধুরী) বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত পর্যায়ে। প্রতিবেদন দেওয়ার আগে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য প্রসিকিউশন টিমের মাধ্যমে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদন জানানো হয়েছে।"
এ ছাড়া বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম এ আলীমের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে উত্তরবঙ্গের জয়পুরহাট, আক্কেলপুরসহ বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধের অভিযোগ পাওয়া গেছে বলে জেয়াদ আল মালুম জানান ।
তিনি বলেন, "কুখ্যাত রাজাকার এম এ আলীমের বিরুদ্ধে ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন অপরাধের অভিযোগ পাওয়া গেছে।"
'সুষ্ঠু ও গতিশীল' তদন্তের জন্য তাকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/জেকে/২২০৩ ঘ.
bdnews24