২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 07:06 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

রাজশাহী, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম মাহবুব আলম চৌধুরী বাদী হয়ে সোমবার ওই থানায় মামলাটি দায়ের করেন। এদিকে সংঘর্ষস্থলে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের ফেলে যাওয়া ৬১টি মোটরসাইকেল জব্দ করেছে বলে পুলিশ জানিয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ এবং পুলিশের মধ্যে এই সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। সদ্য প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ম্মরণে স্থানীয় বিএনপি শিবপুর ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে রোববার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছিল। একই সময়ে আওয়ামী লীগও সেখানে সমাবেশের ডাকে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে বিএনপি অন্যস্থানে দোয়া ও মিলাদ মাহফিল করে। অনুষ্ঠান শেষে মিছিল বের করলে তাদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ বিএনপি নেতাকর্মীকে আটক করে। বিকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী এসআই মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪৪ ধারা ভেঙ্গে কর্মসূচি পালন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান এবং মহাসড়কে গাড়ি ভাংচুরের অভিযোগে এই মামলা করা হয়। আটক ২৫ জনসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-২৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৪ ঘ.