২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'র ওয়াক আউট

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে সরকারদলীয় সাংসদের আক্রমণাত্মক বক্তব্যের প্রেক্ষিতে সংসদ থেকে ওয়াক আউট করেছে বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে সরকারদলীয় সাংসদের আক্রমণাত্মক বক্তব্যের প্রেক্ষিতে সংসদ থেকে ওয়াক আউট করেছে বিএনপি। সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সাংসদ নাজমা আক্তারের বক্তব্যের প্রতিবাদে সন্ধ্যা সোয়া ৭টায় ওয়াক আউট করেন বিএনপি সাংসদরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে নাজমা আক্তার বিরোধীদলীয় সাংসদের উদ্দেশে বলেন, আপনারা সম্মানী লোকের সম্মান করতে জানেন না। "যে শেখ মুজিবুর রহমান আপনার নেত্রীর [খালেদা জিয়া] সংসার ফিরিয়ে দিয়েছিলো, জিয়াউর রহমান যখন বেগম জিয়াকে গ্রহণ করতে চাননি; তখন জাতির জনক তার সংসার ফিরিয়ে দিয়েছিলেন। আপনারা তাকে সম্মান করেন না।" নাজমা আক্তারের এই বক্তব্যের পর থেকেই বিরোধীদলীয় সাংসদরা চিৎকার করতে থাকেন। নাজমা তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, প্রমাণ না পাওয়া পর্যন্ত খুনি বলা ঠিক না। "তবে, বিশ্ববিখ্যাত সাংবাদিক [লরেন্স] লিফসুজ বলেছেন- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত। তিনিই এই হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী।" নাজমা রহমানের বক্তব্যের নির্ধারিত ১০ মিনিট শেষ হয়ে গেলে ডেপুটি স্পিকার শওকত আলী তাকে কথা বলার জন্য আরো তিন মিনিট সময় দেন। এরও প্রতিবাদ করতে থাকেন বিরোধীদলীয় সাংসদরা। নাজমা আক্তারের বক্তব্যের পরই বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ সবাই দাঁড়িয়ে যান। এ সময়, ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, এখন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব চলছে। এখন পয়েন্ট অব অর্ডার দেওয়া যাবে না। এ সময় বিএনপি'র সাংসদরা দাঁড়িয়ে সরকারদলীয় সাংসদের বক্তব্যের প্রতিবাদ করতে থাকেন। এক পর্যায়ে বিএনপি'র সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ফাইল ছুড়ে মারেন। সেই ফাইল গিয়ে পাশেই ভিআইপি গ্যালারিতে পড়ে। এরপর বিরোধীদলীয় সাংসদরা যখন ওয়াক আউট করে চলে যাচ্ছিলেন, তখন সরকারদলীয় সাংসদরা টেবিল চাপড়ান। নাজমা আখতারের বক্তব্যের আগে সংরক্ষিত নারী আসনের বিরোধীদলীয় সাংসদ নিলুফার চৌধুরী মণি বক্তব্য দেন। তিনি বলেন, সরকার বিজ্ঞ লোকের সম্মান করতে জানে না। "প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে মাইক্রো ক্রেডিট সম্মেলনে মুহাম্মদ ইউনুসের প্রসংশা করেছিলেন।" তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার উদভ্রান্ত, মন্ত্রী-এমপি'রা দিকভ্রান্ত আর জনগণ বিভ্রান্ত। "ফেলানির লাশ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে দাসত্বের লাইসেন্স দিয়ে গেলো।" দেশে ভয়াবহ সংবিধান সংকটে চলছে বলেও মণি অভিযোগ করেন। মণির বক্তব্যের পর নাজমা আক্তার বক্তব্য দেন। তিনি বলেন, সবই আছে, এখন শুধু বিরোধীদলীয় নেত্রীর বাড়ি নেই। বিরোধীদলীয় সাংসদদের উদ্দেশ্যে নাজমা আক্তার বলেন, কোনোক্রমেই আপনাদের সংসদ সদস্য পদে থাকার অধিকার নেই। আপনারা পদত্যাগ করুন। "সম্মান কীভাবে দিতে হয়- তা জেনে সংসদে আসুন।" নাজমা আক্তার আরো বলেন, তারেক-কোকোর মায়ের মুখে দুর্নীতির কথা শোভা পায় না। তারেক রহমান সিঙ্গাপুরে জুয়ার বাজারে টাকা লগ্নি করেছে এবং তারেক, বাবর ও হারিছ চৌধুরীরা সন্ত্রাসীদের গডফাদার বলেও দাবি করেন নাজমা আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৩৯ ঘ.