২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে জামাল হত্যা: চার জনের মৃত্যুদণ্ড

ঢাকার দোহারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দোহারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. রেজাউল ইসলাম এক রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফুল হাসান ওরফে পোয়া, শিপলু, পল্লব বেপারি ও আমির হোসেন। এরা সবাই দোহারের বাসিন্দা। ফাঁসিতে ঝুলিয়ে তাদের দণ্ড কার্যকর করার দির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আনোয়ার হোসেন ও কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বিচারক বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করা হলো। অপরাধ প্রমাণিত না হওয়ায় শাহাদত হোসেন, কবির হোসেন, হানিফ, সজিব ও রনি নামের চারজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে আরিফুল হাসান পোয়া ও শিপলু পলাতক। তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর ফাঁসির রায় কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৭ জুলাই দোহারের কাচারি ঘাট বাজারে মজিবুরের স' মিলের কাছে মোটর সাইকেল আরোহী জামাল হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জামালের বাবা ফালু মুন্সী দোহার থানায় একটি হত্যা মামলা করেন। ওই থানার এসআই বদিউর রহমান ২০০৯ সালের ১৫ অক্টোবর ১০ জনের বিরুদ্ধে অভযোগপত্র দেন। মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পর ১৩ জনের সাক্ষ্য শুনে বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এস এম রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৬৩৭ ঘ.