ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য রোববার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
রাত সোয়া ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রিয়াদের উদ্দেশে রওনা হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।
প্রেস সচিব বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসন সেদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। সেখানে বাদশা ফয়সল বিন আবদুল আজিজ হাসপাতালে তার পায়ের চিকিৎসা করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সেলিম রেজা হাবিবসহ দলের নেতৃবৃন্দ ও সাংসদরা।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, তার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারি মাহবুব আল-আমীন ডিউ, ফটো সাংবাদিক নূরুদ্দীন আহমেদ নুরু।
প্রেস সচিব আরো জানান, চিকিৎসা শেষে আগামী ৩০ মার্চ বিরোধী দলীয় নেতা দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৫৫ ঘ.
bdnews24