ঢাকা, মার্চ ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে রুহুল আমিন গাজী সভাপতি ও শওকত মাহমুদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবুল আসাদ ফলাফল ঘোষণা করেন।
৬৯ ভোট পেয়ে রহুল আমিন গাজী সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মনিরুল আলম পেয়েছেন ৬৪ ভোট।
মহাসচিব পদে বিজয়ী শওকত মাহমুদ পান ৭২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ পেয়েছেন ৬১ ভোট।
নির্বাচনে রুহুল আমিন গাজী ও শওকত মাহমুদের নেতৃত্বাধীন গাজী-শওকত পরিষদ এবং খন্দকার মনিরুল আলম ও এম এ্ আজিজের নেতৃত্বে মনির-আজিজ পরিষদ থেকে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ঢাকাসহ সারাদেশের ১৩৫ জন কাউন্সিলর বিএফইউজে'র সভাপতি, মহাসচিবসহ ১৯টি পদে নেতা নির্বাচিত করেন।
নির্বাচনে ১৯টি পদের মধ্যে গাজী-শওকত পরিষদ সভাপতি, মহাসচিব, সহসভাপতি, কোষাধ্যক্ষসহ সর্বোচ্চ ১৫ টি পদে বিজয়ী হয়েছে।
নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি (তিনটি পদ) নুরুল আমিন রোকন (৯২), ইস্কান্দার আলী (৭৭), আমিরুল ইসলাম কাগজী (৭০), সহকারি মহাসচিব (তিনটি পদ) এম আবদুল্লাহ (৯৫), মুস্তফা নঈম (৮৩), মীর্জা সেলিম রেজা (৭০), কোষাধ্যক্ষ মো. মোদাব্বের হোসেন (৮৪), সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান শাহিন (৬৮), দফতর সম্পাদক আহমেদ মতিউর রহমান (৬৬) এবং প্রচার সম্পাদক আবু ইউসুফ (৭৯)।
নির্বাচিত নির্বাহী সদস্যরা (৭ জন) হলেন- শেখ দিদারুল আলম, নাসির আল মামুন, শামসুদ্দিন হারুন, কামার ফরিদ, সৈয়দ শাহজাহান, আনোয়ারুল কবির নান্টু ও মহসীন রাজু।
রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
এর আগেরদিন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএফইউজে'র দ্বি-বার্ষিক সম্মেলন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৫ ঘ.
bdnews24