২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপিকে জবাবদিহি করতে হবে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষ খুন করে, আর আওয়ামী লীগ এলে শান্তি কায়েম করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

নারায়ণগঞ্জ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষ খুন করে, আর আওয়ামী লীগ এলে শান্তি কায়েম করে। আওয়ামী লীগ গতবারের শাসনামল শেষে ক্ষমতা ছাড়ার সময় চালের কেজি ১০ টাকা ছিল উল্লেখ করে হাসিনা বলেন, এরপর চারদলীয় জোট ক্ষমতায় এলে চালের দাম ৪০ থেকে ৪৫ টাকা কেজি হয়। এজন্য তাদের জবাবদিহি করতে হবে। রোববার নারায়ণগঞ্জে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বব্যাপী চালের খাদ্যের দাম বেড়েছে। আমরা সব সময়ই খাদ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাই।" বিদেশ থেকে ৪০/৪৫ টাকা কেজি চাল কিনে এনে ওএমএসের মাধ্যমে ২৪ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সারের দাম তিনবার কমানো হয়েছে। সেচেও ভর্তুকি দেওয়া হয়েছে, বলেন তিনি। বিকালে বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে মদনগঞ্জে এ জনসভা আয়োজন করে জেলা আওয়ামী লীগ। দলের জেলা যুগ্ম আহবায়ক মফিজুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- জাপা সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ পৌস মেয়র সেলিনা হায়াত আইভী, আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান, শহর কমিটি সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদ খোকন সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, সাংসদ সুবিদ আলী ভূঁইয়া, সারাহ্ বেগম কবরী, গাজী গোলাম দস্তগীর, নজরুল ইসলাম বাবু, আব্দুল্লাহ আল কায়সার প্রমুখ। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি'র নেতৃত্বে জোট সরকার পাঁচ বছরে বিদ্যুতের উৎপাদন এক মেগাওয়াটও করতে পারেনি, অথচ আওয়ামী লীগ গত দুই বছরে ১৪শ' মেগাওয়াট উৎপাদন বাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের স্কুলে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়নগুলোতে তথ্য কেন্দ্র খোলা হয়েছে, বলেন তিনি। হাসিনা বলেন, "বঙ্গবন্ধু মানুষের মুখে হাসি ফোটাতে জীবন দিয়েছেন। আমি বাবার আদর্শের রাজনীতি করি। প্রয়োজনে মা, বাবা , ভাইয়ের মতো রক্ত দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।" বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নতি না করে হত্যা, হামলা, মামলা, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি কায়েম করে। তারার ক্ষমতায় থাকাকালে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি করেন তিনি। এবার ক্ষমতায় এসেই মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করতে যাতে কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা করা হবে। দেশে ১১ লাখ টন খাদ্য মওজুদ রয়েছে। কেউ খাদ্যে কষ্ট পাবে না। বেকারত্ব নিরসনের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে জামানত ছাড়াই এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হচ্ছে। তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর নৌকায় ভোট দিয়েছে। তাই দাবির কোনো প্রয়োজন নেই। নারায়ণগঞ্জ এক সময় ব্যবসা বাণিজ্যে প্রাণচঞ্চল ছিল। সেই প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা হবে। শীতলক্ষ্যা সেতু নির্মাণ করা হচ্ছে, নারায়ণগঞ্জকে সিটি করপোরেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পের স্বার্থে এখানে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ হাসপাতালে কার্ডিয়াক সেন্টার খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে সড়ক চার লেনে উন্নীত করা হবে। শীতলক্ষ্যা নদীর তীরে আয়োজিত সমাবেশে যোগ দিতে বিপুল সংখ্যক মানুষ জাহাজ, লঞ্চ, নৌকা, ফেরি ও ট্রলারে করে আসে। রং বেরংয়ের পতাকায় সাজানো হয় সমাবেশ স্থল ও নৌযানগুলো। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডে ছেয়ে যায় পুরো এলাকা। দু'টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন জনসভার আগে তিনি সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াট ও বন্দর উপজেলার মদনগঞ্জে ১০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট উদ্বোধন এবং বন্দর উপজেলার হরিপুরে ৩৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৩ ঘ.