২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পোশাক শ্রমিকদের প্রতি আরো সহানুভূতিশীল হোন'

পোশাক শিল্পের শ্রমিকদের প্রতি মালিকদের আরো সহানুভূতিশীল হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পের শ্রমিকদের প্রতি মালিকদের আরো সহানুভূতিশীল হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইভাবে শ্রমিকদেরও পোশাক শিল্প প্রতিষ্ঠান ভাংচুর করা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে পোশাক শিল্প শ্রমিকদের গানের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। প্রধানমন্ত্রী বলেন, আমরা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬৬২ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকার করেছি। মানুষের জীবনযাত্রার মানও বাড়ছে। গত দুই বছরে মাথাপিছু আয় ৬৬০ ডলার থেকে বেড়ে ৭৮০ ডলারে উন্নীত হয়েছে। শ্রমজীবিরাও যাতে এ উন্নতির ফল ভোগ করতে পারে তা লক্ষ্য রাখতে হবে। পোশাক শিল্প উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিক কল্যাণের দিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন। ধমক দিয়ে কাজ আদায় করা যায় না। শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এমন অবস্থার সৃষ্টি করবেন না যাতে নিজেরাই ক্ষতিগ্রস্ত হন। কোনো রকম ভাংচুর করলে নিজের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এতে নিজেদেরই ক্ষতি হবে। অনুষ্ঠানে পোশাক শিল্পের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পোশাক শিল্প শ্রমিকদের আবাসন সুবিধা নিশ্চিতের জন্য গৃহায়ন তহবিল নামে একটি তহবিল গঠনের ঘোষণার দেওয়া হয়েছিল। এক শতাংশ হারে ঋণ সুবিধা মাধ্যমে এ তহবিল থেকে অর্থ নিয়ে এনজিওর মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, আবাসন প্রকল্প বাস্তবায়ন হয়নি। এনজিও নয়, আমরা পোশাক শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করতে চাই। পোশাক শিল্পের জন্য তিনি একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। শেখ হাসিনা বলেন, গৃহায়ন তহবিল নিয়ে ইতোমধ্যে আমি অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। আপনারা এ অর্থ পাবেন। তবে অর্থ যেন অনর্থ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। "এছাড়া প্রতিটি বিভাগেই আমরা অর্থনৈতিক অঞ্চল করবো। সেখানে পোশাক শিল্পেরও জায়গা হবে।" অনুষ্ঠানে বিজিএমইএ সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন দাবি জানান, পোশাক শিল্প মালিকরা যাতে বিদ্যুৎ উৎপাদন করতে পারে সে ব্যবস্থা যেন করে দেওয়া হয়। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, বিদ্যুতের উৎপাদন আমরা সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি। ফার্নেস অয়েল ও জেনারেটরের ওপর থেকে শুল্ক তুলে নিয়েছি। বিদ্যুৎকেন্দ্র করতে চাইলে করতে পারেন। আগে এলে আগে পাবেন। অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী পোশাকশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, ক্রিকেটে হেরে যে ব্যথা পেয়েছিলাম এখানে এসে তা ভুলে গেলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২১২ ঘ.