চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনই হবে তার ' 'শেষ' নির্বাচন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি।
"আমি জাতীয় পার্টির সাথে আছি এবং থাকব। আগামী সংসদ নির্বাচনই হবে আমার শেষ নির্বাচন।"
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থা চলাকালে রাজনীতি থেকে 'ধীরে ধীরে' সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন এরশাদ। এর অংশ হিসেবে আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন তিনি। তবে সেই ঘোষণা থেকে সরে আসেন সাবেক এই সেনা শাসক।
বৃহস্পতিবার সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, "জীবনের ঝুঁকি নিয়ে মহাজোট সৃষ্টি করেছিলাম। এখনো মহাজোটে আছি, ভবিষ্যতেও থাকতে চাই। আশা করি, মহাজোট আগামীতে আবারও ক্ষমতায় যাবে, তা না হলে দেশে বিপর্যয় হবে।"
নানা সময়ে মহাজোট সরকারের কর্মকাণ্ডের সমালোচনা প্রসঙ্গে এরশাদ বলেন, "দলীয় কর্মীদের অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে, এটি তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ, আমার নয়।"
তিনি বলেন, "সরকারের কিছু কাজ আছে যার সমালোচনা করার প্রয়োজন ছিল বলেই করেছি। তবে তার অর্থ এই নয় যে আমি মহাজোটের বাইরে আছি।"
মহাজোট সরকারের সাফল্য-ব্যর্থতা সম্পর্কে মতামত চাইলে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, "প্রতিটি সরকারের সফলতা-ব্যর্থতা থাকে। তবে অতীতের সঙ্গে তুলনা করলে আমাদের সরকারের ব্যর্থতা অনেক কম।"
বিদ্যুৎ-পানি-গ্যাস সংকট মিলিয়ে এক 'মহাবিপর্যয়ের' মুখে এ সরকার দায়িত্ব নিয়েছিল উল্লেখ করে এরশাদ বলেন, "এ সংকট কাটিয়ে উঠতে সময় প্রয়োজন।"
কাজ করার ব্যাপারে বর্তমান মহাজোট সরকারের সদিচ্ছার অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, "আগামী তিন বছরে আমরা নির্বাচনে দেওয়া প্রতিশ্র"তি পূরণের চেষ্টা করবো।"
জাতীয় পার্টির নেতা ও সাংসদ এইচ এম গোলাম রেজা, নূর ই হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, সালমা ইসলাম, সাবেকমন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিমসহ পরিচালকমণ্ডলীর সদস্যরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে এরশাদ চট্টগ্রাম চেম্বার আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলা ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০০২৭ ঘ.
bdnews24