ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানালেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় অস্থায়ীভাবে নির্মিত মঞ্চে রাখা কফিনে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তিনি প্রয়াত মহাসচিবের প্রতি শ্রদ্ধা জানান।
জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, মাহবুবুব রহমান, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, এম মোর্শেদ খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, আবদুল মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল কাইয়ুম, উকিল আবদুস সাত্তার, মুশফিকুর রহমান, গিয়াস কাদের চৌধুরী, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর খালেদা জিয়া দলের শোক বইতে স্বাক্ষর করেন।
নয়া পল্টনে দলীয় নেতা-কর্মীদের শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে দেলোয়ারের মরদেহ তার পুরান ঢাকার আর্মানিটোলার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ এশা আমার্নিটোলা খেলার মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
রাতে তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকাল থেকে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দিনব্যাপী কোরআর খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি হাফেজ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ নেসারুল হক, মহানগর সভাপতি হাফেজ জসিম উদ্দিন, আলমগীর হোসেন খলিলিসহ নেতারা অংশ নেন।
এর আগে বিকাল পৌনে ৪ টার দিকে দেলোয়ারের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে তার কফিন সরাসরি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
অ্যাম্বুলেন্সে করে কফিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আনা হলে তা গ্রহণ করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নিজ হাতে দলীয় পতাকা দিয়ে কফিনটি ঢেকে দেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য, সহসভাপতি, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিবসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার খোন্দকার দেলোয়ার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। গত ৪ মার্চ ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫৫ ঘ.
bdnews24