ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লরেন্স লিফসুজকে নিয়ে বিএনপি নেতা এম কে আনোয়ারের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় আদালত বলেছে, সরকার নয়, আদালতের অনুরোধেই বাংলাদেশে এসেছেন এ সাংবাদিক।
সামরিক আদালতে কর্নেল তাহেরের বিচারের বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনে লিফসুজ সোমবার হাইকোর্টে বক্তব্য রাখেন। তিনি বলেন, জিয়াউর রহমানের পরিকল্পনাতেই তাহেরকে কথিত বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়।
এর জবাবে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার বলেন, 'ভাড়া করা' সাংবাদিক এনে সরকার জিয়ার ভাবমূর্তি ও চরিত্র হননের চেষ্টা করছে। লিফসুজের বক্তব্য সঠিক নয়, 'মিথ্যাচার'।
হাইকোর্টের যে বেঞ্চে তাহের সংক্রান্ত রিট আবেদনের শুনানি চলছে বৃহস্পতিবার সেই আদালত আনোয়ারের সমালোচনা করেন।
হাইকোর্ট বেঞ্চ বলেছে, আদালতের কাজ হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটন করা। আর তা করতেই লিফসুজকে বাংলাদেশে আসতে অনুরোধ করা হয়েছিলো। আদালতের অনুরোধেই লিফসুজ বাংলাদেশে এসেছেন। এই মামলার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তাই আমরা এ মামলাটি শেষ করতে চাই।
"যে নেতা জনগণের কাছে দায়বদ্ধ থাকার কথা, তার এ কথা বলা উচিত নয়। এটা সমাজ ও মামলাকে ক্ষতিগ্রস্ত করেছে", আনোয়ারের সমালোচনা করে বলেছে আদালত।
লিফসুজ গত রোববার বাংলাদেশে আসেন। গত শতকের '৭০ এর দশকে তাহেরের গোপন বিচার ও ফাঁসির সময় ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ'র এ সাংবাদিককে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, আদালতে কাছে লিফসুজ যা বলেছেন, তা গত ৩০ বছর ধরে বলে আসছেন। আদালত ওই বিচারের বিষয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানোর পর তিনি বিবেকের তাড়নায় এসেছেন।
গত ২০ জানুয়ারি লিফসুজকে আদালতে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করে হাইকোর্ট। ছেলের অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে না পারলেও তিনি তখন একটি লিখিত বক্তব্য পাঠান, যা গত ৩ ফেব্র"য়ারি আদালতে উপস্থাপন করা হয়।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে বুধবার শুনানিতে অ্যামিকাস কিউরিয়া হিসাবে বক্তব্য দেন ড. কামাল হোসেন।
তিনি বলেন, "নিরাপরাধ তাহেরকে বিচারের নামে ঝুলিয়ে দেওয়া হয়। ওই বিচারে তাকে সব বিচারিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিলো।"
"তাহেরের জীবন এখন ফিরিয়ে দেওয়া যাবে না। তবে ভবিষ্যতে এ ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা করতে হবে", বলেন কামাল।
এ রিটের শুনানিতে অ্যামিকাস কিউরিয়া হিসাবে অন্যদের মধ্যে রয়েছেন এম আমীর-উল ইসলাম, এম জহির, ইফসুফ হোসেন হুমায়ুন, আক্তার ইমাম, এএফএম মেজবাউদ্দিন, আব্দুল মতিন খসরু, জেড আই খান পান্না, জেড আই ফারুকী।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোর রাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
তাদের আবেদনের পর হাইকোর্ট সেই গোপন বিচারের নথি তলব করে। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
পরে এই ঘটনায় সহ-দণ্ডপ্রাপ্ত আরো ছয়জন তাদের দণ্ড ও বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তিনটি রিট আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫১৫ ঘ.
bdnews24