২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সংসদে ফিরছে

প্রধান বিরোধী দল বিএনপি মঙ্গলবার সংসদে যোগ দিচ্ছে। সোমবার রাতে সংসদীয় দলের বৈঠক শেষে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এক প্রেস ব্রিফিঙে দলের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি মঙ্গলবার সংসদে যোগ দিচ্ছে। সোমবার রাতে সংসদীয় দলের বৈঠক শেষে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এক প্রেস ব্রিফিঙে দলের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, ''দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরতেই সংসদীয় দলের বৈঠকে সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার আমরা সংসদে যাবো।'' সন্ধ্যা ৭টায় সংসদ ভবনের তৃতীয় তলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপি সংসদীয় দলের বৈঠক বসে। চলে রাত ৯টা পর্যন্ত। জয়নুল আবদিন ফারুক বলেন, "আমরা বিভিন্ন মুলতবি প্রস্তাব জমা দিয়েছি। স্পিকার এসব প্রস্তাব আলোচনার সুযোগ দেন কিনা- তা আমরা কাল (মঙ্গলবার) সংসদে যোগ দিয়ে দেখবো।" তিনি অভিযোগ করেন যে, সরকার সংসদকে অকার্যকর করে ফেলেছে। সদস্য পদ রক্ষায় সংসদে যোগ দিচ্ছেন কিনা-জিজ্ঞেস করা হলে বিরোধী দলের প্রধান হুইপ বলেন, "এটা ঠিক নয়। আমরা দেশের বর্তমান অবস্থা তুলে ধরতে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। "সরকারের আচরণের পরিবর্তন হয়েছে কিনা তা আমরা দেখব। তারা শহীদ জিয়া ও খালেদা জিয়ার বিরুদ্ধে গালিগালাজ বন্ধ করে কিনা তা আমরা দেখতে চাই।" সরকার জাতীয় ইস্যুতে বিরোধী দলকে কথা বলতে দিলে বিএনপি সংসদে থেকে দায়িত্ব পালন করতে চায় বলে তিনি জানান। প্রেস ব্রিফিঙে অন্যান্যের মধ্যে মাহবুব উদ্দিন খোকন, নজরুল ইসলাম মঞ্জু, জেড আই মোস্তফা আলী, শেখ সুজাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির সংসদীয় দলের সভায় মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন, বরকতউল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুকসহ দলের ৩৩ জন সদস্য উপস্থিত ছিলেন। বিএনপির কারাবন্দি জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, রুমানা মাহমুদ ও মোস্তফা কামাল পাশা বৈঠকে অনুপস্থিত ছিলেন। এর মধ্যে রুমানা মাহমুদ ও মোস্তফা কামাল পাশা বিদেশে রয়েছেন। এছাড়া বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আজাদ, শামসুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থও বৈঠকে উপস্থিত ছিলেন। সর্বশেষ গত বছরের ২ জুন বিএনপি সংসদে যোগ দেয়। এরপর টানা সংসদ বর্জন করে আসছে দলটি। সংসদ সচিবালয়ের হিসাব অনুযায়ী, রোববার পর্যন্ত সংসদে বিরোধী দলের সদস্যদের গড় অনুপস্থিতি ৭৩ কার্যদিবস। নবম সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেও বিএনপি দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশন টানা বর্জন করে আসছে। পঞ্চম অধিবেশনে তারা গেছে মাত্র একদিন। সংবিধান অনুযায়ী কোনো সাংসদ জাতীয় সংসদে একটানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্যপদ খারিজ হয়ে যাবে। বর্তমান সংসদে সংরক্ষিত মহিলা আসনসহ বিএনপির আসন সংখ্যা ৩৬। এছাড়া তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর দুটি এবং বিজেপির একটি আসন রয়েছে। সব মিলে চারদলীয় জোটের সংসদ সদস্য ৩৯ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১১৫ ঘ.