সিলেট, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও বিএনপি এক সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় বালাগঞ্জের জালালপুর বাজারে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম খান।
বালাগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় ইউনিয়ন বিএনপি ও আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকেল ৩টায় পূর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর বাজারে সমাবেশ আহ্বান করে।
এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-সংঘাতের আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানান তিনি।
সমাবেশস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৫০ ঘ.
bdnews24