২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিক রেহমান, মহিউদ্দিন ও হুদার বিরুদ্ধে আরো মামলা

মানহানির অভিযোগে সাংবাদিক শফিক রেহমান, আলমগীর মহিউদ্দিন ও শামসুল হুদার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 05:22 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে সাংবাদিক শফিক রেহমান, আলমগীর মহিউদ্দিন ও শামসুল হুদার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। রোববার জাতীয় কোরান শিক্ষা মিশনের সভাপতি ও আওয়ামী ওলামা লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির এ মামলা করেন। মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান বাদির জবানবন্দী গ্রহণ করলেও আগামি ১৫ মার্চ আদেশের জন্য তারিখ রাখেন। "চান্স এডিটর নয় চান্স চিফ এডভাইজর" শিরোনামে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় গত ২৫ ফেব্র"য়ারি প্রকাশিত একটি কলামে প্রধান বিচারপতিকে চান্স মোহাম্মদ বলে অভিহিত করায় এ মামলা দায়ের করা হয়। এদিকে একই অভিযোগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ফিৎনা প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আবদুস সাত্তার একটি মামলা দায়ের করেন। যে মামলায় ঢাকার মহানগর হাকিম এ জে এম আল মাসুদ বাদির জবানবন্দী গ্রহন শেষে সাপ্তাহিক মৌচাকে ঢিল পত্রিকার সম্পাদক, প্রকাশক শফিক রেহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং প্রকাশক শামসুল হুদাকে আগামি ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন। তবে এ মামলায় হাকিম ধর্মীয় অনুভূতির অভিযোগটি বাদ দিয়ে মামলা আমলে নেন। মামলার আরজিতে বলা হয়, শফিক রেহমান গত ২৫ ফেব্র"য়ারি দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় 'দি কাউন্ট অফ মন্টি কৃস্টো ফেরার অপেক্ষায়', 'চান্স এডিটর নয় চান্স চিফ এডভাইজর' শিরোনামে কলাম লেখেন। সেখানে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারা অন্তরীণ মাহমুদুর রহমানকে হাইকোর্টে আদালত অবমাননা মামলায় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক চান্স এডিটর বলে অভিহিত করেন বলে কলামে উল্লেখ করা হয়। আর বলা হয় শফিক রেহমান ওই কলামে প্রধান বিচারপতিকে চান্স মোহাম্মদ বলে অভিহিত করে ইসলাম ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন ও মানহানি করেছেন। মামলা দায়েরের এ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের কর্মচারী শাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/২১১৪ ঘ.