ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্যাতনকারীদের বিচার করবে প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন একথা জানান।
তিনি বলেন, ''জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতেই ১/১১ এর ঘটনা ঘটিয়ে তারেক রহমানকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে। যারা তার ওপর নির্যাতন চালিয়েছে ক্ষমতায় গেলে বিএনপি তাদের বিচার করবে। মইন-ফখরুদ্দিন গংদের কাউকে ছাড় দেওয়া হবে না।"
সেইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান মোশাররফ।
তারেক রহমানের কারাবন্দিত্বের চতুর্থ বার্ষিকী উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
২০০৭ সালের ৭ মার্চ রাতে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে যৌথ বাহিনী খালেদার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করে। তারেকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ ১৩ টি মামলা দায়ের করা হয়।
উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তারেককে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি দীর্ঘমেয়াদী চিকিৎসা নিচ্ছেন। কারাবন্দি অবস্থায় কোমড়ে ব্যথা পাওয়ায় দীর্ঘ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে তারেক চিকিৎসাধীন ছিলেন।
সভার মূল মঞ্চে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথির চেয়ারে বসে আলোচকদের বক্তব্য শুনেন। কিন্তু তিনি কোনো বক্তব্য দেননি।
স্থায়ী কমিটির সদস্য মোশাররফ দাবি করেন, সরকার সর্বক্ষেত্রে আজ 'ব্যর্থ'। তারা (সরকার) আগামীতে আবার ক্ষমতায় থাকার জন্য বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ই-ভোটিং এর মাধ্যমে ভোট 'কারচুপির ষড়যন্ত্র' করছে। তা হতে দেওয়া হবে না বলে তিনি সরকারকে সতর্ক করে দেন।
লণ্ডনে চিকিৎসাধীন তারেক রহমান প্রসঙ্গে মোশাররফ বলেন, ''তিনি বীরের বেশে দেশে ফিরে আসবেন। আমরা তাকে বীরোচিত সম্মান জানানোর অপেক্ষায় আছি।''
তিনি অভিযোগ করেন, তারেকের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো 'ষড়যন্ত্রমূলক'।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেন, "১/১১ এর ষড়যন্ত্র ছিলো- জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা। আগামী দিনের নেতা তারেক রহমানকে নিশ্চিহ্ন করতে তার ওপর নির্যাতন চালানো হয়েছে।"
তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাকে 'ভুয়া ও ভিত্তিহীন' দাবি করে তিনি বলেন, তাকে (তারেক) হেয় প্রতিপন্ন করতে এরকম অপপ্রচার চালানো হয়েছিলো।
মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত 'ষড়যন্ত্র ও অপপ্রচার' চালানো হয়েছে।
"১/১১এর সময়ে আমার দলের কিছু লোক ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছিলো। সেই চক্র এখনো দলে সক্রিয় আছে। আমি জানি না, এই চক্রকে কেন দলে পুরস্কৃত করা হচ্ছে", বলেন এই বিএনপি নেতা।
সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "এ সরকারের আয়ু কমে আসছে। ইনশাল্লাহ তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে তিনি এ দেশকে গড়ে তুলবেন।''
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু , সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুু প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, ওসমান ফারুক, মুশফিকুর রহমান, আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, হায়দার আলী, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪১ ঘ.
bdnews24