২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রশাসনে গতিশীলতা আনতে আমলাতন্ত্র রোধ করুন'

সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আনতে 'আমলাতন্ত্র' রোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আনতে 'আমলাতন্ত্র' রোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর। প্রশাসনের পুনর্বিন্যাস এবং চাকরি বিধিমালার পূর্ণাঙ্গ প্রয়োগের মাধ্যমে তিনি আমলাতন্ত্র রোধের আহ্বান জানান শনিবার। স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরাম আয়োজিত 'রাজনৈতিক সংস্কৃতি ও প্রশাসন ব্যবস্থার পুনর্বিন্যাস দিনবদলের প্রাথমিক পদক্ষেপ' শীর্ষক এক আলোচনা সভায় মহিউদ্দিন খান আলমগীর বলেন, রাজনৈতিক সংস্কৃতি ও দ্বন্দ্ব নিরসনে প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদার করতে হবে। সরকারি চাকরিতে বিধিমালার জোরালো প্রয়োগ ঘটাতে হবে যাতে আমলাতন্ত্রের জেরে প্রশাসন অকার্যকর হয়ে না পড়ে। ভালো শিক্ষার্থীরা সরকারি চাকরিতে আসার উৎসাহ বোধ করে না- কেন এটা হচ্ছে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মহিউদ্দিন। আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে শাহনাওয়াজ। এতে সভাপতিত্ব করেন এ এইচ এম নোমান। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক কামাল আতাউর রহমান, ইসমত কাদির গামা, বেসরকারি সংস্থা ব্রতী'র নির্বাহী পরিচালক শারমীন মোর্শেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১০৮ ঘ.