২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারকে দেখতে গেলেন হানিফ

অসুস্থ খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। অবস্থার কিছুটা উন্নতি হলেও বিএনপি মহাসচিবকে বিকালে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 07:15 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। অবস্থার কিছুটা উন্নতি হলেও বিএনপি মহাসচিবকে বিকালে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। নিউমোনিয়া আক্রান্ত দেলোয়ার এখন স্কয়ার হাসপাতালে রয়েছেন। শুক্রবার দুপুরে সেখানেই যান হানিফ। আওয়ামী লীগ নেতা সাংবাদিকদের বলেন, "আমি প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিবকে দেখতে এসেছি। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।" এর আগে বিএনপি মহাসচিবকে দেখতে হাসপাতালে যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন প্রমুখ। দেলোয়ারের অবস্থা এখন আশঙ্কামুক্ত হলেও দল ও পরিবারের ইচ্ছায় তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে জানান স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন। তিনি দুপুরে সাংবাদিকদের বলেন, "তার (দেলোয়ার) অবস্থা অনেকটা ভালো। গতরাতে অবস্থা সঙ্কটজনক ছিলো। এখন তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।" বিএনপি মহাসচিবের স্বাস্থ্যের অবস্থা তুলে ধরে মির্জা নাজিম বলেন, "বর্তমানে তার ডায়াবেটিকস নিয়ন্ত্রণে আছে। কিডনি ভালো কাজ করছে। সব কিছুতেই উন্নতি হয়েছে।" নিউমোনিয়া আক্রান্ত দেলোয়ারকে গত ২২ ফেব্র"য়ারি ধানমণ্ডির আনোয়ার হোসেন খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে আনা হয় স্কয়ার হাসপাতালে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ডা. নাজিম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি মহাসচিবকে সিঙ্গাপুর নেওয়া হবে। বিকাল ৪টায় তাকে অ্যাম্বুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেওয়া হবে। দেলোয়ারকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতির কথা সকালে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন। বিএনপি মহাসচিবকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। বিএনপি মহাসচিব নিউমোনিয়ার পাশাপাশি কিডনি, ডায়াবেটিস, হৃদরোগে ভুগছেন বলে চিকিৎসক জানান। বিএনপি মহাসচিবের মেয়ে দেলোয়ারা হোসেন পান্না তার বাবার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১১ ঘ.