ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের কাছে বিচার বিভাগের কোনো জবাবদিহিতা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।
বৃহস্পতিবারের জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগের সব কাজের জন্য সংসদের কাছে জবাবদিহিতার বিধান রয়েছে। তবে সংদের কাছে বিচার বিভাগের জবাবদিহিতার বিষয়টি সংবিধানে উল্লেখ নেই।"
গত ২০ ডিসেম্বর আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটি চাইলে যে কোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে- এমন একটি আইনের খসড়া আইন মন্ত্রণালয় তৈরি করেছে।
তার ওই বক্তব্যের পর থেকেই সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহিতা নিয়ে বিতর্ক শুরু হয়।
২১ ডিসেম্বর কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগ কার কাছে জবাবদিহি করবে সে বিষয়ে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এরপর ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্টের বিচারকরা এ বিষয়ে তাদের মত প্রকাশ করেন। সভায় বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়।
পরদিন ৪ জানুয়ারি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলাদেশের সংসদ সার্বভৌম এবং সংসদের কাছে জবাবদিহি করতে সবাই বাধ্য।
চলমান এ বিতর্কের প্রেক্ষাপটে গত ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এক অনুষ্ঠানে বলেন, সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ কেউ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। বরং সবার জবাবদিহিতা জনগণের কাছে।
এরপর গত ১৫ ফেব্র"য়ারি সংসদের সব স্থায়ী কমিটির চেয়ারম্যানদের উপস্থিতিতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন করা হয়। এতে বলা হয়, সংসদীয় কমিটির তলব অগ্রাহ্যকারীর বিরুদ্ধে পরোয়ানা জারি করা যাবে।
ওই বৈঠকের পর সুরঞ্জিত সাংবাদিকদের বলেন, আইনমন্ত্রী শফিক আহমেদ বৈঠকে স্থায়ী কমিটির চেয়ারম্যানদের অভিমতের সঙ্গে একমত পোষণ করেছেন এবং মন্ত্রিসভায় তা উত্থাপনের আশ্বাস দিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের বিচার
সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বৃহস্পতিবার সংসদে বলেন, প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াত আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদী এবং সাবেক মুসলিম লীগ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে তদন্তের স্বার্থে আটক রাখা হয়েছে।
চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইনে যেসব অপরাধের বিচার হচ্ছে, সেগুলো প্রায় ৪০ বছর আগের ঘটনা। এর তদন্ত নির্ভর করছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে তথ্য, উপাত্ত ও সাক্ষ্য সংগ্রহের ওপর। তারপরও তদন্তে আশানুরূপ অগ্রগতি হয়েছে।"
ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ঢাকা জেলার বিভিন্ন ট্রাইব্যুনালে বর্তমানে আট হাজার ৬১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৯৪৯ ঘ.
bdnews24