ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) চাকরিচ্যুতদের পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
বুধবার জাতীয় সংসদে শাহিদা তারেখ দীপ্তির সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের হাজার হাজার নেতাকর্মী ও ব্যক্তিকে চাকরিচ্যুত করা হয়েছে।"
"শুধু দলীয় পরিচয়ের কারণে স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়েছিলো। আমরা তাকে পুনর্বহাল করেছি। তেমনি সিটি করপোরেশনেও যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের পুনর্বহাল করবো," বলেন নানক।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।
জেলা-উপজেলায় ক্রীড়া সংস্থার এডহক কমিটি
শহীদুজ্জমান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, তরুণ ক্রীড়াবিদের সন্ধানে জেলা ও উপজেলা পর্যায়ে বিদ্যমান ক্রীড়া সংস্থা পুনর্গঠন করা দরকার। এজন্য কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি বা এডহক কমিটি করার জন্য ক্রীড়ামন্ত্রণালয়কে অনুরোধ করবো।
ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের অনুপস্থিতিতে তার পক্ষে তথ্যমন্ত্রী উত্তর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/১৯১৮ ঘ.
bdnews24