ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নতুন চারটি সিটি কর্পোরেশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আটটি পৌরসভার সমন্বয়ে এসব সিটি কর্পোরেশন তৈরি হবে। পৌরসভাগুলো হলো- নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ; কদমরসুল ও রংপুর; গাজীপুর ও টংগী; কুমিল্লা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা।
বুধবার কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০ এর আলোকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে।"
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন রয়েছে।
সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পরিকল্পনা অংশ হিসেবে গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত পৌর নির্বাচনে এসব পৌরসভাকে নির্বাচনের তালিকা থেকেও বাদ দেওয়া হয়।
সাড়ে চার হাজারের বস্তিতে ৩৫ লাখ মানুষ
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ঢাকা শহরে বস্তির সংখ্যা আনুমানিক চার হাজার সাতশ'টি। বস্তিবাসীর সংখ্যা আনুমানিক ৩৫ লাখ।
ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা শহরে বস্তির উন্নয়নে সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন বিভাগ থেকে 'আমরাও মানুষ' নামে তিনটি প্রকল্প চালু করেছে। এগুলো হলো- নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ প্রকল্প, শিশু শ্রম নিরসন প্রকল্প ও পথবাসীদের জন্য উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের সশ্লিষ্ট অন্য মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
সংরক্ষিত নারী আসনের (৩২) সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, জেলা পরিষদগুলোকে আরো সক্রিয় করার পরিকল্পনা সরকারের রয়েছে।
এ লক্ষ্যে জেলা পরিষদ আইন, ২০০০ সংশোধন করে খসড়া আইন প্রণয়ন করা হয়েছে এবং খসড়া আইন চূড়ান্তকরণের কার্যক্রম চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৮২৩ ঘ.
bdnews24