মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি প্রযুক্তি ব্যবহার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং চালুর কাজ হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে প্রযুক্তি সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং কারিগরি সহায়তা দেবে সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)।
ইতোমধ্যে বুয়েটের তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউটের (আইআইসিটি) প্রতিনিধি দল নিয়ে বিএমটিএফ পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনাররা।
মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী সংসদ নির্বাচনে সবকটি আসনে অথবা বড় পরিসরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি হিসেবে ই-ভোটিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত আমরা ইতোমধ্যে নিয়েছি। এর প্রাথমিক উদ্যোগ হিসেবে বুয়েট ও বিএমটিএফকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বলা হয়েছে।"
১৪ ফেব্র"য়ারি বিএমটিএফ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে এই নির্বাচন কমিশনার জানান, বুয়েটের আইআইসিটি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রোগ্রামসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সরবরাহ করবে এবং বিএমটিএফ ইভিএম-এর সহজে বহনযোগ্য অবকাঠামোগত সহায়তা দেবে।
এ দুই পক্ষ (বুয়েট ও বিএমটিএফ) পরস্পর আলোচনা করে ইভিএম চাহিদা, বাজেটসহ প্রয়োজনী বিষয়ে ইসিকে অবহিত করলে চুক্তি ও সরকারের কাছে অর্থ চাওয়াসহ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন জানান, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্র"য়ারিত শেষ হলেও ইসির পাঁচশালা কর্মসূচিতে ই-ভোটিং পদ্ধতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। এ ধারাবাহিকতায় কার্যক্রম অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।
তবে ২০১৪ সালের নবম সংসদ নির্বাচনের আগে সম্ভব হলে পরীক্ষামূলকভাবে আবারো উপ-নির্বাচন বা অন্য কোনো নির্বাচনে ই-ভোটিং করা হবে।
দেশে প্রথমবারের মতো গত বছর ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে ই-ভোট হয়। আগামীতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও ছোট পরিসরে ই-ভোটিং হবে বলে ইসি জানিয়েছে।
ইসির কাছে প্রায় চারশ ইভিএম রয়েছে জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, "এ বছরের মধ্যে সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় চাহিদা পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া সম্ভব হবে। আগামী সংসদ নির্বাচনে পুরোপুর সম্ভব না হলেও আংশিকভাবে ই ভোটিং নেওয়া সম্ভব হবে"
পাশ্ববর্তী দেশসহ অন্যান্য দেশেও ই ভোটিং চালু করতে বেশ ক'বছর সময় লেগেছে বলে জানান এম সাখাওয়াত।
বিএমটিএফ সরবরাহ করতে পারবে
সোমবার আইআইসিটি'র পরিচালক অধ্যাপক লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসির পরামর্শ অনুযায়ী জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় চাহিদা নিয়ে সম্ভব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে বিএমটিএফ প্রতিনিধিদলের সঙ্গে বসেছেন তারা।
বিএমটিএফ পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "দায়িত্বশীল এ প্রতিষ্ঠান নিখুঁতভাবে তা সরবরাহ করতে পারবে। ইভিএম প্রোগ্রাম দেব আমরা; বাক্স, ক্যারিয়ার ও এসেম্বল করবে বিএমটিএফ। আরো কয়েকবার বৈঠকের পর চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে ইসির সঙ্গে বসব দুই পক্ষ।"
তিনি জানান, দেশের তিনশ আসনের সাড়ে আট কোটিরও বেশি ভোটারের জন্য এক লাখ ৬০ হাজার ইভিএম ইউনিট প্রয়োজন পড়বে। দশম সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা আরো বাড়বে। সব মিলিয়ে দুই লাখ ইউনিট ধরে কার্যক্রম নেওয়া হচ্ছে।
শুধু ইভিএম খাতে দেড়শ থেকে দুইশ কোটি টাকা খরচ হতে পারে। এছাড়া প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রচারণা ও জনসচেতার জন্য ব্যাপক উদোগেও ব্যয় রাখতে হবে।
লুৎফুল কবীর জানান, এখনই উদ্যোগ নিলে দশম সংসদ নির্বাচনের অন্তত ছয় মাস আগেই সব ধরনের কার্যক্রম সম্পন্ন করতে পারবে তারা।
আগেই রাজনৈতিক আলোচনার দরকার নেই
ই-ভোটিং নিয়ে মত যাচাইয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগাম আলোচনার দরকার নেই বলে মনে করে নির্বাচন কমিশন (ইসি)।
এম সাখাওয়াত হোসেন বলেন, "সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ই-ভোটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এটি সফলও হয়েছে। এ নিয়ে এখন দলগুলোর সঙ্গে আলোচনার দরকার নেই।"
ইভিএম আইন মেনে এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটিতে রাজনৈতিক দলের সম্পৃক্ততার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইতোমধ্যে বলেছেন, নির্বাচনের জন্য ই-ভোটিং আদর্শ পদ্ধতি- এতে সন্দেহ নেই। বাংলাদেশেও ম্যানুয়াল পদ্ধতি আর সম্ভব হবে না; একসময় এ পদ্ধতি চালু করতেই হবে। তবে বড় পরিসরে ই-ভোটিং পদ্ধতি চালু'র আগেই অবশ্যই পরীক্ষামূলক প্রকল্প নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে।
রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নবম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ইসি স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে।
আগ্রহ প্রধানমন্ত্রীর, কিন্তু বিরোধী দলের অভিযোগ
দেশজুড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালুর উদ্যোগ নিতে ইসিকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে গত বছরের ২২ নভেম্বর জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেবে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে ২০০৯ সালে গত ২৯ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় পুরো দেশে ই-ভোটিং পদ্ধতি চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
সর্বশেষ গত ৩ ফেব্র"য়ারি ইলেকট্রনিক ভোটিং (ই-ভোটিং) পদ্ধতির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনে তিনি ই-ভোটিং চালুর পক্ষে।
তিনি বলেন, "ই-ভোটিং চালু হলে জনগণের ভোটের অধিকার রক্ষা হবে।"
গত ১২ ফেব্র"য়ারি এক সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আগামী নির্বাচনে 'ডিজিটাল কারচুপি' করতে সরকার দেশে ইলেক্ট্রনিক ভোটিং ব্যবস্থা চালু করছে।
'ভোট সঠিক হয়েছে'
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ইভিএম বিধিমালা অনুযায়ী ভোটিং মেশিনে ব্যালট, কন্ট্রোল, ডিসপ্লে ও ব্যাটারি ইউনিট রয়েছে। প্রচলিত ভোট গ্রহণ ব্যবস্থার মতোই যাবতীয় কাজ থাকলেও শুধু ব্যালট পেপারে সিল দেওয়ার পরিবর্তে ব্যালট ইউনিটে সুইচ টিপে ভোট দেওয়া ব্যবস্থা রাখা হয় ইভিএম-এ।
সঠিকভাবে ভোট দিলে স্পিকারেই বেজে উটবে 'ভোট সঠিক হয়েছে, একই পদে একাধিক ভোট দিতে চাইলে বেজে উঠবে 'এই পদে ভোট দেওয়া শেষ'।
কাউকে ভোট না দিয়ে 'ফাইনাল সুইচ' চেপে এলে তার ভোট কোনো প্রার্থীর পক্ষে গণনা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১০৩ ঘ.
bdnews24