২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলা অষ্টমবারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় অষ্টমবারের মতো বাড়ানো হয়েছে। আগামী ৪ এপ্রিল এ প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় অষ্টমবারের মতো বাড়ানো হয়েছে। আগামী ৪ এপ্রিল এ প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ গত রোববার অধিকতর তদন্তের প্রতিবেদন দেওয়ার সময় আরো ৬০ দিন বাড়ানোর আবেদন করেছিলেন। সোমবার ও মঙ্গলবার তার আবেদনের ওপর শুনানি হয়। সোমবারের শুনানিতে আদালত তদন্ত কর্মকর্তাকে মামলার কাগজপত্রসহ মঙ্গলবার হাজির হতে বলে। নির্দেশ অনুযায়ী তদন্ত কর্মকর্তা মঙ্গলবার আদালতে হাজির হয়ে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেন। শুনানি শেষে বিচারক ৪ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলেন। এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এ নিয়ে অষ্টমবারের মতো বাড়ানো হলো। এর আগে গত ৩০ নভেম্বর তদন্তের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছিলো। এ মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী দলের প্রধান সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যত দ্রুত সম্ভব এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ১ মার্চ থেকে বর্ধিত সময় গণনা শুরু হবে।" ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ওই ঘটনায় দায়ের হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যও একই তদন্ত কর্মকর্তা গত বছরের ২২ নভেম্বর সপ্তমবারের মতো সময় চান। সে সময় প্রতিবেদন দাখিলের তারিখ ৭ মার্চ নির্ধারণ করে দেয় আদালত। দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর গত বছরের ৩ অগাস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন। পরে হত্যা মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এবং বিস্ফোরক মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ২০০৪ সালের ওই হামলার ঘটনায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। ওই ঘটনায় মতিঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মামলা হয়। পরে মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এএল/জেকে/১৮৪৪ ঘ.