২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্মি নাবিকরা শিগগির মুক্তি পাবেন: নৌমন্ত্রী

সোমালি জলদস্যুদের সঙ্গে ছিনতাই হওয়া জাহাজের মালিকপক্ষের আলোচনা চলছে, তাই জিম্মি নাবিকরা শিগগির মুক্তি পাবেন বলে আশাবাদী নৌমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- সোমালি জলদস্যুদের সঙ্গে ছিনতাই হওয়া জাহাজের মালিকপক্ষের আলোচনা চলছে, তাই জিম্মি নাবিকরা শিগগির মুক্তি পাবেন বলে আশাবাদী নৌমন্ত্রী। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেন, ছিনতাইকারীদের সঙ্গে জাহাজের মালিকপক্ষের আলোচনা চলছে। সুতরাং আশা করা যায় শিগগিরই জাহাজটি উদ্ধার হবে এবং নাবিকরা জিম্মিদশা থেকে মুক্তি পাবেন। জাহাজে অবস্থানরত নাবিক ও স্বজনদের সঙ্গে নৌ ও পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে তাদের সান্ত্বনা দিয়ে ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। ছিনতাই হওয়া জাহাজ জাহান মণি সম্পর্কিত লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এ বি এ ম আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। নৌবন্দর বেসরকারি খাতে নয় ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান জানান, দেশের নৌবন্দরগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় ছাড়ার কোনো পরিকল্পনা নেই। দেশের গুরুত্বপূর্ণ নতুন নতুন স্থানে নদীবন্দর প্রতিষ্ঠা করা হবে। একই প্রশ্নের জবাবে নৌ-পরিবহণমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ কোনো নদীবন্দরই অকেজো হয়ে পড়ার উপক্রম হয়নি। বরং কোনো কোনো নদীবন্দরের কাজে গতিশীলতা এসেছে এবং আধুনিকতার ছোঁয়া লেগেছে। দেশের প্রধান নদীবন্দর দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার সদরঘাট নৌ বন্দরের পুরোনো চেহারা পাল্টে গেছে। সদরঘাটে এখন 'শ্রম যার মজুরি তার' নীতি চালু করা হয়েছে- এ কথা জানিয়ে নৌমন্ত্রী বলেন, কুলিরা কোনো যাত্রীর মালামাল নিয়ে আর টানাহেঁচড়া করে না। তিনি জানান, বরিশাল নদীবন্দর আধুনিকায়নের কাজ চলছে। নবঘোষিত কয়েকটি নদীবন্দরের অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে আশুগঞ্জকে ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলের আওতায় পোর্ট অব কল ঘোষণা করায় নবঘোষিত আশুগঞ্জ নদীবন্দরকে জরুরি ভিত্তিতে উন্নয়ন করা হবে। সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার এক প্রশ্নের জবাবে শাজাহান খান নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ১২টি পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, নৌযানের নকশা অনুমোদনের ক্ষেত্রে যথাযথ কারিগরি দিকগুলো যাচাই করা হচ্ছে। নৌযানগুলোকে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/পিডি/১৮৪৭ ঘ.