ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা বা প্রার্থিতার ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
সোমবার শেরে বাংলানগরে ইসি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাখাওয়াত বলেন, "কোনো প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিলে বা প্রার্থিতা প্রত্যাহারের চাপ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী মামলা করা হবে।"
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী- ভোটে বাধা, প্রার্থী হতে বাধা ও প্রার্থিতা প্রত্যাহারে প্ররোচিত করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পক্ষে প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হলে ৬ মাস থেকে ২ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
দলীয় সম্পৃক্ততায় প্রার্থীদের মনোনয়নে কোনো প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না উল্লেখ নির্বাচন কমিশনার বলেন, "দায়ী ব্যক্তি যেই হোক, প্রভাবশালী ব্যক্তি বা সংসদ সদস্য- অভিযুক্ত হলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে মামলা করবো আমরা।"
নির্বাচনী এলাকায় কারো পক্ষে প্রচারণা না চালানোর জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
তফসিল অনুযায়ী, ২৯ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে প্রথম পর্বের নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ৫ মার্চ পর্যন্ত। বাছাই হবে ৬ ও ৭ মার্চ। ১৩ থেকে ১৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের সতর্কতা
ইউপি নির্বাচনের প্রার্থীদের আচরণবিধি অনুসরণের আহ্বান জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, "আপনারা (প্রার্থী) নির্বাচনী প্রচারসহ যে কোনো ধরনের কার্যক্রমে দলীয় সম্পৃক্ততা টেনে আনবেন না।"
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে সাখাওয়াত বলেন, "সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো সরকারি কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে বা বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই কর্মকর্তাকে নির্বাচনী এলাকা থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।"
গত ২৪ ফেব্র"য়ারি দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম পর্বে উপকূলীয় এলাকার প্রায় ৬শ' ইউনিয়নের তফসিল ঘোষণা করে ইসি।
তিনি জানান, দ্বিতীয় পর্বের নির্বাচনের তফসিল এপ্রিল মাসে ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৮৩৬ ঘ.
bdnews24