২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না: আইনমন্ত্রী

উচ্চ আদালতকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গণমাধ্যমের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেছেন, "মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে উচ্চ আদালত। রায় নিয়ে কারো প্রশ্ন থাকতে পারে। "কিন্তু আদালতকে যেন প্রশ্নবিদ্ধ করা না হয়। আদালত বা বিচারপতিকে প্রশ্নবিদ্ধ করা হলে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।" সর্বোচ্চ আদালতকে বিতর্কিত করা হলে মানুষের বিচার চাওয়ার আর কিছুই থাকে না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। স্বাধীনতা ভোগ করতে গিয়ে অসত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে বিনা কারণে অন্যকে হেনস্থা না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী। বাংলাদেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে- উল্লেখ করে তিনি বলেন, "তা [স্বাধীনতা ভোগ করা] করতে গিয়ে গণমাধ্যম যেন কোনো নাগরিকের মানহানি বা ক্ষতি না করে- সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।" শনিবার 'বাংলাদেশের গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক) আইন' শীর্ষক এক সেমিনারে কথা বলছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। কেউই আইনের ঊর্ধ্বে নয়- এ মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, "গণমাধ্যমও আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নিতে প্রেস কাউন্সিল রয়েছে। কারো মানহানি বা ক্ষতি হলে যে কেউ আদালতে যেতে পারে। সরকারও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।" সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে জনগণের তথ্য জানার অধিকার রয়েছে বলে স্বীকার করেন শফিক আহমেদ। তিনি জানান, বর্তমান সরকার তথ্য অধিকার আইনও প্রণয়ন করেছে। যে কোনো মানহানিকর তথ্য পরিবেশনে সাংবাদিকদের সরাসরি গ্রেপ্তারের বিধান থাকলেও সরকার তা বাতিল করে আইন সংশোধন করেছে- অযথা কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়। "মানহানির অভিযোগে [সংশোধিত আইনে] সরাসরি গ্রেপ্তার করা যাবে না, সংশ্লিষ্টের বিরুদ্ধে সমন দিতে হবে।" হোটেল সোনারগাঁওয়ে বেসরকারি নর্দার্ণ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ 'মিডিয়া ল'জ অব বাংলাদেশ: প্রবলেম এন্ড প্রসপেক্টস এন্ড ফ্রিডম অব প্রেস এন্ড কন্টেম্পট অব কোর্ট ইন্টারফেস' শিরোনামের এ সেমিনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেনও বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্দান বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক ব্যরিস্টার খন্দকার এম এস কাউসার। মূল প্রবন্ধে প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী প্রেস কাউন্সিলের ধরণসহ বিভিন্ন ধারার (৪, ৭, ৮, ১১ ও ১৭) সমালোচনা করেন এই প্রভাষক। ইলেকট্রনিক মিডিয়া বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০১০-এর সমালোচনা করে কাউসার জানান, বিদ্যমান আইন অনুযায়ী টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "নিয়োগ কার্যবালী সরকার করলেই যে স্বাধীনভাবে কাজ করতে পারবে না তা আমি মনে করি না। সরকার নিয়োগ না দিলে স্বয়ংক্রিয়ভাবে তো কিছু হবে না, কোনো না কোনো কর্তৃপক্ষ থাকতে হবে। এক্ষেত্রে কাজের লোক হলে যে কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে।" আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, আইন অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার বিধান আছে। কেউ যদি স্বাধীনভাবে কাজ করতে চায় তাতে বাধা দেওয়া যাবে না। এর প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৪ ঘ.