গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, সরকারের পদত্যাগ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই মধ্যবর্তী নির্বাচন দেওয়ার প্রশ্নই ওঠে না।
শনিবার মুকসুদপুর উপজেলা সদরের এস জে হাই স্কুলে স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সরকারের পদত্যাগ করা উচিত বলে শুক্রবার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া শুক্রবার যে বক্তব্য দেন সে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ফারুক খান সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
ফারুক খান বলেন, "রপ্তানি, উন্নয়ন ও বিশ্বশান্তি রক্ষায় আমরা উদহরণ সৃষ্টি করেছি। সারা বিশ্ব যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, চিনি ও সয়াবিনের মূল্য বৃদ্ধিতে হিমশিম খাচ্ছিল তখন যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে এসব পণ্যের মূল্য কম ছিল।"
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে মন্তব্য করে ফারুক খান বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ পরিস্থিতিতে সরকারের পদত্যাগের কোনো কারণ নেই।"
বিরোধী দলীয় নেত্রীর মন্তব্যের প্রতিবাদ করে বাণিজ্য মন্ত্রী বলেন, "তিনি (বিরোধী দলীয় নেত্রী) এ ধরনের অনেক কথাই বলেন। তার এ দাবির সঙ্গে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খার মিল নেই।"
খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান জানিয়ে ফারুক খান বলেন, "গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে সংসদে আসুন। সেখানে এসব বিষয়ে আলোচনা করে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে পারবো।"
পিলখানা হত্যা সম্পর্কে মন্ত্রী বলেন, "এ হত্যার সঙ্গে জড়িত অনেককে শাস্তি দেওয়া হয়েছে। বাকিদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। বাংলাদেশসহ পৃথিবীর যে কোনো দেশে এ ধরনের হত্যার বিচার গণতান্ত্রিক প্রক্রিয়ায় করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ হত্যার বিচার দ্রুত শেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।"
তিনি বলেন, "এ হত্যা সম্পর্কে বিরোধীদলীয় নেত্রী ও শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে। গণতান্ত্রিক দেশে শাস্তির ব্যবস্থা গণতান্ত্রিক ভাবে করতে হবে। অপরাধী অপরাধ করেছে প্রমাণ করার পরই তাকে শাস্তি দেওয়া যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯০৮ ঘ.
bdnews24